আইএসের সেই শামিমার ছেলের নাম ‘যুদ্ধবাজ জারা’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৫৫ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ব্রিটেন থেকে পালিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস, ব্রিটিশ শাখার সদস্য) যোগ দেয়া শামিমা বেগম তার সন্তানের নাম রেখেছেন ‘যুদ্ধবাজ’ এক মুসলিম নেতার নামে।
এরপর ব্রিটেনে প্রশ্ন উঠেছে, আইএসের রাহুমুক্তই যদি হতে চান শামিমা, কিভাবে ছেলের নাম এমন যুদ্ধবাজের নামে রাখতে পারলেন?
ব্রিটেনের ডেইলি মেইল পত্রিকা জানায়, ১৯ বছর বয়সী শামিমা আইএসে যোগ দেয়ার জন্য চার বছর আগে বাড়ি থেকে পালান। কিন্তু, সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকায় তথাকথিত খেলাফত ধুলোয় মিশে যাওয়ার পর এখন তিনি ব্রিটেনে ফিরে আসতে চাইছেন। শামিমা জারা নামে একটি ছেলের জন্ম দিয়েছেন।
সপ্তম শতাব্দীতে রাশিদুন বাহিনীর একাংশের নেতৃত্বে থাকা আবু ওবাইদা ইবন আল-জারা’র নামে তিনি এই ছেলের নাম রেখেছেন বলে মনে করছেন ব্রিটিশ ইতিহাসবিদরা।
ইতিহাসবিদ টম হল্যান্ড এক টুইটে লেখেন, ‘ও (শামিমা) যদি সত্যিই শান্তিপূর্ণভাবে ব্রিটেনে ফিরে আসার ইঙ্গিত দিতে চাইতো, তাহলে আবু ওবাইদা ইবন আল-জারা’র বদলে ছেলের নাম অন্যকিছু রাখতো। জারা আরবদের দখল (বিজয়) অভিযানের প্রথম দিককার একজন জেনারেল, যিনি অবিশ্বাসীদের তুলোধুনা করার জন্য বিখ্যাত।’
‘একদিক থেকে দেখলে ও হয়তো ব্রিটেনের তরুণদের ঐতিহ্যই বহন করছে- প্রতিষ্ঠানের বিরোধিতা করে বিজয় ভি চিহ্ন দেখাচ্ছে। কিন্তু, পাঙ্করা কখনও গণহত্যায় শামিল ছিল না,’ যোগ করেন তিনি।
শামিমাকে ব্রিটেনে ফিরিয়ে আনতে তার পরিবারের প্রচারণায় রোববার আবারও নতুন করে বিতর্কের সূচনা হয়েছে। তাদের আইনজীবী উগ্রপন্থী এই তরুণীকে গোলাগুলির কারণে হিতাহিত জ্ঞানশূন্য প্রথম বিশ্বযুদ্ধের একজন সৈন্যের সঙ্গে তুলনা করায় নতুন বিতর্ক উঠেছে।
বিবিসি টুডে’কে দেয়া সাক্ষাৎকারে শামিমা স্বীকার করেন, তিনি আইএসের একজন আদর্শ প্রতিনিধি ছিলেন এবং এখনও দলটির প্রতি যথেষ্ট সহানুভূতিশীল।
তিনি বলেন, ২০১৫ সালে সিরিয়ায় যাওয়ার সময় তিনি জানতেন কি করতে যাচ্ছেন এবং ব্রিটেনে ফিরলে এর জন্য তাকে জেলে যেতে হতে পারে, সেটাও মেনে নেন শামিমা।
তবে, ছেলে জারাকে তিনি আইএস যোদ্ধা হতে দিবেন না এবং তাকে একজন ব্রিটিশ বানাতে চান বলে সাফ জানিয়েছেন শামিমা।
