৫৪তম বিশ্ব ইজতেমার সমাপ্তি আজ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪৬ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
টঙ্গীর তুরাগ তীরে মঙ্গলবার সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমার কার্যক্রমের সমাপ্তি ঘটবে। এর আগে বাদ ফজর আম বয়ান শুরু হয়। হেদায়েতি বয়ান শেষে আখেরি মোনাজাত হবে।
তাবলীগ জামাতের ভারতের শীর্ষ মুরব্বি মাওলানা শামীম আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানিয়েছেন দেশি মুসল্লিদের জিম্মাদার ও ইজতেমার মুরব্বি মাওলানা আশরাফ আলী। সোমবার বিশ্ব ইজতেমার শীর্ষ মুরব্বিদের এক মশোহারায় এ সিদ্ধান্ত হয়।
এর আগে ১৭ ফেব্রুয়ারি রোববার দ্বিতীয় পর্যায়ে বিশ্ব ইজতেমা শুরু হয়। সোমবার শেষ হওয়ার কথা থাকলেও প্রতিকুল আবহাওয়া এবং মাঠ অপরিষ্কার থাকায় সরকারের কাছে একদিন সময় বাড়ানোর আবেদন জানানো হয়।
এ আবেদনের প্রেক্ষিতেই ধর্ম মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতায় আজ মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শেষ হবে।
