রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

পাকিস্তানি পণ্যে ২০০ শতাংশ শুল্ক বৃদ্ধি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

পাকিস্তানি সব পণ্যে ২০০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে ভারত সরকার। সম্প্রতি ভারত নিয়ন্ত্রীত কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর ওপর পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনের হামলার ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

শনিবার ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি এক বিবৃতিতে এ সিদ্ধান্তের খবর জানান। 

বিবৃতিতে তিনি বলেন, কাশ্মীরে হামলার পর ভারত পাকিস্তানকে দেয়া মোস্ট ফেভার্ড নেশন এর তকমা ফিরিয়ে নিয়েছে। আর এবার ২০০ শতাংশ শুল্ক বাড়ানো হল। বিশ্ব বাণিজ্য সংস্থার আওতাভুক্ত দেশগুলো সংস্থাভুক্ত একটি দেশকে মোস্ট ফেভার্ড নেশন গণ্য করতে পারে। ভারত ১৯৯৬ সালে পাকিস্তানকে এই সুবিধা দিয়েছিল। এবার তা কেড়ে নেয়া হলো।

 

গেল বৃহস্পতিবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। 

ওই ঘটনায় প্রাণ হারায় অন্তত ৪৪ সদস্য। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে। ভারতের দাবি, পাকিস্তান প্রত্যক্ষভাবে এই হামলায় ইন্ধন দিয়েছে।