বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

কাশ্মীর ইস্যুতে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

ভারতের বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফের গাড়িবহরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করেছে ভারত। আর এজন্যই পাকিস্তানে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছে ইসলামাবাদ।

 

এর আগে হামলায় জড়িত সন্ত্রাসীদের মদদ দেয়ার অভিযোগে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে ভারত। খবর- পার্সটুডে

শুক্রবার প্রথমে পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ইসলামাবাদও একই পদক্ষেপ নেয়। তারা ভারতের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার গৌরব আহলুওয়ালিয়াকে তলব করে জানায়, কাশ্মীর হামলায় পাকিস্তানের মদদ দেয়ার অভিযোগ ভিত্তিহীন; এর তীব্র নিন্দা করছে পাকিস্তান।

 

হামলার ঘটনায় ভারতের নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে শুক্রবার দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, এই ঘটনায় পাকিস্তান সরাসরি জড়িত। 

এইদিনই নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনার সোহেল মাহমুদকে তলব করে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে কাশ্মীরে হামলায় মদদ দেয়ার তীব্র প্রতিবাদ জানান।

তবে কয়েকঘণ্টা পর পাল্টা ভারতের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনারকে তলব করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ ইসলামাবাদ প্রত্যাখ্যান করছে। একইসঙ্গে এই হামলার নিন্দাও জানাচ্ছে পাকিস্তান।

গত বৃহস্পতিবার বিকেলে কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপুর এলাকার গৌরিপুরে বড় ধরনের একটি বিস্ফোরণে সিআরপিএফ’র ৪৪ সদস্য নিহত হয়। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ।