‘বন্দে ভারত’ উদ্বোধনের পরই বিকল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
ভারতের দ্রুতগতির ট্রেন ‘বন্দে ভারত’ উদ্বোধনের পরই বিকল হয়ে গেছে। যাত্রার এক দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার সকালে বারানসী থেকে নয়াদিল্লি ফেরার পথে ট্রেনটি বিকল হয়।
রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে ভারতের এনডিটিভি’র খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশের তুন্দলা জংশন থেকে ১৫ কিলোমিটার দূরে হঠাৎ ট্রেনের চাকা পিছলে যেতে থাকে। বিকট শব্দ শুরু হয় শেষের দিকের কামরাগুলোতে। সঙ্গে সঙ্গে ট্রেনের গতি কমানো হয়। এরপরও শব্দ বাড়তে থাকায় ট্রেন থামিয়ে দেন চালক। চামরোলা স্টেশনের কাছে এসে প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকে ট্রেনটি।
ট্রেনের প্রকৌশলীরা জানিয়েছেন, সম্ভবত গবাদিপশু কাটা পড়ায় ট্রেনের চাকা এবং পার্কিং ব্রেকে সমস্যা দেখা দেয়। অবশ্য তিন ঘণ্টা পর আবারো দিল্লির উদ্দেশে রওনা দেয় ‘বন্দে ভারত এক্সপ্রেস’।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের ‘মেক-ইন-ইন্ডিয়া’ প্রকল্পে ভারতে বানানো প্রথম দ্রুতগতির ট্রেন-১৮ এটি। পরবর্তী সময় রেলমন্ত্রী পীযূষ গোয়েল এই ট্রেনের নামকরণ করেন বন্দে ভারত এক্সপ্রেস। এটি ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে ছুটতে পারে।
‘বন্দে ভারত’ ট্রেনটি সবচেয়ে দ্রুতগতির। আগে শতাব্দী এক্সপ্রেসের গতি ছিল সবচেয়ে বেশি। এখন নতুন বন্দে ভারত এক্সপ্রেসই ভারতের সবচেয়ে দ্রুতগতির ট্রেন।
