ভুল করায় প্রাক্তন প্রধানমন্ত্রীর কান মুলে দিলেন স্ত্রী!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
শেরিং তোবগে। বয়স ৫৩। শুধু এটুকু বললে তার পরিচয় সম্পূর্ণ হয় না। কারণ তিনি ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রী। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত সে দেশের শাসনভার সামলেছেন তিনি।
তবে যিনি শাসক তাকেও বোধহয় থাকতে হয় কারো শাসনের অধীনে। কোনো ভুল করলে নিস্তার নেই। প্রেম দিবসে তোবগের করা টুইট সে কথাই যেন প্রমাণ করছে।
ভ্যালেন্টাইন ডে-তে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেছেন তোবগে। সেখানে ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে গাড়ি চালাতে। আর গাড়ির পিছনের আসনে বসে আছেন তার স্ত্রী তাশি দলমা। আর পিছনের সিটে বসে সেখান থেকেই তোবগের কান মুলে দিচ্ছেন তিনি!
সেই ছবিতে ভুটানের প্রাক্তন সর্বোচ্চ শাসকের মুখের ভঙ্গিমা দেখে মনে হচ্ছে, যেন পড়া না পারার জন্য হয়ত অভিভাবকের বকুনি খেয়েছেন। কিন্তু প্রেম দিবসে স্ত্রীর কাছে কান মোলা কেন খেলেন তোবগে?
নেটিজেনদের প্রশ্নের উত্তরে কারণ খোলসা করেছেন তিনি। তোবগে জানিয়েছেন, ভ্যালেন্টাইন ডে-তে স্ত্রীর জন্য গোলাপ কিনতে ভুলে গিয়েছিলেন। সে জন্যই এই অবস্থা হয়েছে তার। নিজের অভিজ্ঞতা থেকে তিনি নেটিজেনদের সাবধানও করেছেন। বলেছেন, জীবনের বিশেষ দিনে গোলাপ না কিনে ভুলেও বাড়ি যেও না।
