বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৫

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি শিল্প পার্ক এলাকায় বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। 

 

পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারীও নিহত হন। এ বন্দুকযুদ্ধে পাঁচ পুলিশ সদস্যও আহত হন। 

ফ্লোরিডার পার্কল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৭ শিক্ষার্থী নিহতের ঘটনার বর্ষপূর্তির একদিন পর এ হামলা হলো।

 

শুক্রবার স্থানীয় সময় দুপুরে শিকাগোর ৪০ মাইল দূরের শহর অরোরা’র হেনরি প্র্যাট কোম্পানিতে বন্দুকধারীর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা ঘটে। কোম্পানিটি বড় বড় পানির পাইপে ব্যবহৃত ভালব তৈরি করে।

হামলাকারীর নাম গ্যারি মার্টিন, তিনি নিজেও একসময় হেনরি প্র্যাট কারখানার কর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
চাকরি থেকে ছাঁটাই হওয়ার পর ৪৫ বছর বয়সী এ ব্যক্তি তুমুল ‘মানসিক চাপে’ ছিলেন বলে তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানিয়েছে শিকাগোভিত্তিক সান-টাইমস।

শুক্রবার দুপুর ১টা ২৪ মিনিটের দিকে পুলিশ প্রথম যন্ত্রাংশ নির্মাণ কারখানাটিতে বন্দুকধারীর হামলার খবর পায় বলে পরে এক সংবাদ সম্মেলনে জানান অরোরা পুলিশের প্রধান ক্রিস্টেন জিমান।

অল্প সময়ের মধ্যে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে তারাও হামলাকারীর গুলির মুখে পড়েন। গুলি বিনিময়ের এক পর্যায়ে মার্টিন নিহত হন।

পুলিশের পাশাপাশি ওই শিল্প পার্ক এলাকায় দমকল বাহিনীর সদস্য, প্যারামেডিকমহ জরুরি বিভাগের সদস্যদেরও মোতায়েন করা হয়। বন্দুকধারীর হামলায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।