নাইজেরিয়ায় হামলায় নিহত ৬৬, পেছালো নির্বাচন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যে বন্দুক হামলার ঘটনায় অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। এদিকে এ হামলার ঘটনায় ভোট শুরু হওয়ার ঠিক পাঁচ ঘণ্টা আগে আফ্রিকার দেশ নাইজেরিয়ায় প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।
দেশটির নির্বাচন পরিচালনাকারী সংস্থা দ্য ইন্ডিপেডেন্ট ইলেক্টারাল কমিশন (আইএনইসি) শনিবার এ ঘোষণা দেয়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার বন্দুক হামলার এ ঘটনায় অঞ্চলটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সেনা মোতয়েন করা হয়েছে ও অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। - খবর আল-জাজিরা’র
নিহতদের মধ্যে ২২ শিশু ও ১২ জন নারী। হামলায় আহত চার ব্যক্তিকে নিরাপত্তাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
হামলার ঘটনায় অঞ্চলটিতে স্থানীয় ব্যক্তিদের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় অধিবাসী আব্দুল কাদির বলেন, আমি আশা করছি নিরাপত্তাকর্মীরা তাদের পরিকল্পিত অভিযানের মাধ্যমে এসব বন্ধ করতে পারবেন। যেন আর কোনো হত্যার ঘটনা না ঘটে। বিশেষ করে নির্বাচনের সময় এমন হামলা মানুষের মধ্যে উদ্বেগের তৈরি করেছে।
