নিউইয়র্কে সদর দফতর বাতিল অ্যামাজানের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০১ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইনভিত্তিক খুচরা পণ্য বিক্রয়ের প্রতিষ্ঠান অ্যামাজান নিউইয়র্কে তাদের নতুন সদরদফতর তৈরির পরিকল্পনা বাতিল করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে অ্যামাজান এ খবর জানিয়েছে।
অ্যামাজানের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সদর দফতর নির্মাণে প্রতিশ্রুত করের অর্থে নিউইয়র্কের স্থানীয় রাজনীতিবিদরা সন্তষ্ট না হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ রাজনীতিবিদেরা নিউইয়র্কে অ্যামাজানের সদর দফতর তৈরিতে বাঁধা প্রদান করেছেন ও পরিকল্পনা অনুযায়ী কাজ আগাতে দ্বিমত পোষণ করেছেন। খবর- আনাদলু এজেন্সি।
অ্যামাজান নিউইয়র্ক সিটির কুইন্স ও ভার্জিনিয়ার ক্রিস্টাল সিটির মধ্যবর্তী একটি স্থানে তাদের নতুন সদর দফতর নির্মাণের পরিকল্পনা করেছিল। এক বছর ধরে যুক্তরাষ্ট্রর প্রায় ২০০টি শহর নিয়ে গবেষণা করার পর অ্যামাজান কর্তৃপক্ষ সে জায়গাটি বাছাই করেছিল।
অ্যামাজান জানিয়েছে, তারা তাদের নতুন সদর দফতর নির্মাণের জন্য উত্তর ভার্জিনিয়ায় আরেকটি স্থান বাছাই করেছে। সেখান থেকে তারা ব্রুকলিন, ম্যানহাটন ও ষ্ট্যাটেন আইল্যান্ডে তাদের কার্যক্রম পরিচালনা করবে।
