বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

আইএস থেকে ফিরতে চান শামীমা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

যুক্তরাজ্যে ফেরার আকুতি জানিয়েছেন জঙ্গি সংগঠন আইএস এ যোগ দেয়া ব্রিটিশ তরুণী শামীমা বেগম। ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে দুই বান্ধবীসহ লন্ডন থেকে তুরস্ক হয়ে সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ তিনি যোগ দিয়েছিলেন। 

চার বছর আইএসের ঘাঁটিতে থাকার পর তিনি এখন নিজ দেশে ফিরে যেতে চান বলে ব্রিটিশ পত্রিকা টাইমস অব লন্ডন’কে এক সাক্ষাৎকারে জানিয়েছেন। 

টাইমস অব লন্ডন শামীমার সাক্ষাৎকারের অডিও রেকর্ডিংসহ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সাক্ষাৎকারে বর্তমানে গর্ভবতী ১৯ বছর বয়সী এ তরুণী বলেন, আমি স্কুল থেকে পালিয়ে আইএস এ যোগ দেয়া সেদিনের সেই ১৫ বছরের একটি সাধারণ কিশোরী নই। তাছাড়া আমি সেখানে যাওয়া নিয়ে আমার কোনো অনুশোচনাও নেই। তবে আমি দেশে ফিরতে চাই।

 

সিরিয়ায় একটি শরণার্থী শিবির থেকে শামিমা জানিয়েছেন, তিনি এখন ৯ মাসের গর্ভবতী। সন্তানের জন্যই দেশে ফিরতে চান তিনি। তার আরো দুটি সন্তান ছিল। তবে তাদের দুজনই মারা গেছে। তার সঙ্গে আইএসে যোগ দেয়া দুই বান্ধবীর একজন বোমা হামলায় নিহত হয়েছেন। তবে অপর বান্ধবীর সম্পর্কে কিছু জানেন না তিনি।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে লন্ডনের বেথনাল গ্রিন একাডেমীর শিক্ষার্থী শামিমা বেগম যুক্তরাজ্য আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমিয়েছিলেন। তার সঙ্গে তার দুই বান্ধবী ১৫ বছর বয়সী আমিরা আব্বাস ও ১৬ বছর বয়সী খাদিজা সুলতানাও ছিলো। তারা সবাই এ স্কুলের শিক্ষার্থী ছিলেন।

তারা তিনজন যুক্তরাজ্যের গেটওয়ে বিমানবন্দর থেকে প্রথমে তুরস্কে পৌঁছান। এরপর সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়ায় যান। সিরিয়ার শহর রাকায় কিছুদিন অবস্থানের পরে ২৭ বছর বয়সী এক ডাচ নাগরিকের সঙ্গে শামীমার বিয়ে হয়। ওই ব্যক্তি অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছিলেন।

বিয়ের পর ওই ব্যক্তির সঙ্গেই ছিলেন শামিমা। তবে দু সপ্তাহ আগে তারা বাঘিজ থেকে পালিয়ে আসেন। কিন্তু সেখানে সিরিয়ান সেনাবাহিনী তার স্বামীকে আটক করে নিয়ে যায়। তারপর থেকে স্বামীর সঙ্গে সাক্ষাৎ নেই তার। সিরিয়ায় ওই এলাকাটি ছিল ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত সর্বশেষ ঘাঁটি।

 

এদিকে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ জানিয়েছেন, তাকে যুক্তরাজ্যে ফের প্রবেশের অনুমতি নাও দেয়া হতে পারে। 
এ প্রসঙ্গে তিনি বলেন, আমার বার্তা পরিষ্কার, তুমি যদি সন্ত্রাসী সংগঠনকে অনুসরণ কর, তবে তোমার দেশে ফেরত আসা ঠেকাতে আমি দ্বিধাবোধ করব না।
 
তিনি আরো বলেন, শামীমা বেগম যদি যুক্তরাজ্যে ফেরত আসেন, তবে তাকে গ্রেফতার করা হবে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যারা আইএসে যোগ দিতে যুক্তরাজ্য ছেড়ে গেছেন, তারা আমাদের দেশের প্রতি তীব্র ঘৃণা বোধ করেন।
 
তুমি যদি সত্যিই ফিরতে চাও তবে তোমাকে জিজ্ঞাসাবাদ, তদন্ত ও আইনের মুখোমুখি হওয়ার জন্য তৈরি থাকতে হবে বলেও যোগ করেন তিনি।