হংকংয়ে মিলিয়ন ডলারের গন্ডারের শিং উদ্ধার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৩ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
হংকং বিমানবন্দরে প্রায় এক মিলিয়ন ডলার মূল্যের ৪০ কেজি গন্ডারের শিং উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা থেকে ভিয়েতনামগামী একটি বিমান থেকে এই শিংগুলো উদ্ধার করা হয় বলে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। খবর- আল-জাজিরা।
গেল মাসে এ বিমানবন্দর থেকেই প্যাঙ্গোলিন নামক এক ধরনের বিলুপ্ত প্রজাতির প্রাণীর শরীরের খোলস ও হাতির দাঁতের বিশাল পরিমাণ একটি চালান উদ্ধার করা হয়। সেই ঘটনার এক মাস অতিবাহিত না হতেই গন্ডারের শিংয়ের এ চোরাচালান ধরা পড়ার ঘটনা ঘটলো।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মোট দুটি বাক্সে গন্ডারের এ শিংগুলো লুকিয়ে রাখা ছিলো। শিংগুলো দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ভিয়েতনামের হো চি মিন শহরের উদ্দেশ্যে পাঠানো হয়েছিলো। গন্ডারের শিং চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ ২৮ ও ৩৩ বছর বয়সী দুই যুবককে গ্রেফতার করেছে।
গন্ডারের শিং চোরাচালানের ঘটনায় প্রাণী সংরক্ষণ সংগঠন ওয়াইল্ড এইড এসবের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে হংকং কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে।
চীনের দক্ষিণ উপকূলীয় অঞ্চল প্রাণী চোরাচালানে বিশ্বের সবচেয়ে কুখ্যাত অঞ্চলসমূহের একটি। এ অঞ্চলে বহু বছর ধরেই বিভিন্ন প্রাণীর শরীরের অঙ্গ-প্রতঙ্গ ব্যবহার করে ঔষধ তৈরি করে আসা হচ্ছে।
