পাকিস্তানে যোগাযোগ মাধ্যমে কড়া নজরদারি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
পাকিস্তানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর নজদারি বাড়াতে যাচ্ছে দেশটির সরকার। সরকারের দাবি, ‘হেট স্পিচ বা হিংসাত্মক মন্তব্য ও চরমপন্থা' ঠেকাতে এ ব্যবস্থা নেয়া হচ্ছে। এ অভিযোগে কয়েকজনকে আটকও করা হয়েছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে আনতে বিশেষ ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এতে মানহানিকর পোস্ট দেয়ার অভিযোগে কর্তৃপক্ষ একজন সাংবাদিককে গ্রেফতার করার একদিন পরই তথ্যমন্ত্রী এ কথা জানান। খবর- ডয়চে ভেলে ও এএফপি।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সরকারি কর্মকর্তা অনেকের বিরুদ্ধেই গণমাধ্যমের উপর চাপ প্রয়োগের অভিযোগ রয়েছে। গত কয়েক বছরে দেশটির কয়েকশ' সংবাদমাধ্যমের ওয়েবসাইট ও বেশ কিছু নাগরিকের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
পাকিস্তানের অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগারদেরকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত লেখার জন্য প্রতিনিয়তই হুমকি দেয়া হচ্ছে বলেও জানানো হয়। শুধু তাই নয়, দেশটির মূলধারার গণমাধ্যমকেও প্রতিনিয়ত সরকারের চাপের মুখে থাকতে হয়। সরকারের চাপের মুখে গত মঙ্গলবার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি নিবন্ধ পাকিস্তানের একটি সংবাদমাধ্যম প্রকাশ করতে পারেনি। নিউইয়র্ক টাইমসে প্রকাশিত ওই নিবন্ধটিতে পাকিস্তানের সেনাবাহিনীর সমালোচনা করা হয়েছিল।
তবে পাকিস্তান সরকার বলছে, দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছে। তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বক্তৃতায় বলেন, বেনামী ডিজিটাল মিডিয়ার প্রভাব বেড়েই চলেছে। এটি এখন দেশের মূলধারার গণমাধ্যমের উপর প্রভাব ফেলতে শুরু করেছে। এ কারনে এ সব বেনামী ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণ করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
