বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

উন্নত চিকিৎসা চায় লুম্বিনী পাড়ার মানুষ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

পাহাড়ের স্বাস্থ্য সেবায় সরকারের নানান উদ্যোগের পরও কমছে না গর্ভবতী মা ও নবজাতকের মৃত্যু। ওঝা, ধাত্রীদের অপচিকিৎসায় এক বছরে রাঙামাটিতে ৫৫ নবজাতক, ১০ গর্ভবর্তী মায়ের মৃত্যু হয়েছে।

 

রাঙামাটি সদরের কেল্লামুড়ার লুম্বিনী পাড়ায় দুই হাজার পরিবারের বসবাস। এখানে গর্ভবতী মা ও নবজাতকের চিকিৎসা প্রাচীন ধ্যান-ধারণা আর ওঝা-ধাত্রীদের উপর নির্ভরশীল। আধুনিক চিকিৎসা ব্যবস্থা না থাকায় এ পাড়ায় গর্ভবর্তী মা ও নবজাতক শিশুর স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।

সদর উপজেলার বালুখালী ইউপির ওয়ার্ড মেম্বার বিপ্লব ত্রিপুরা জানান, চিকিৎসক সংকট, আর্থিক অসচ্ছলতা, কুসংস্কারের কারণে লুম্বিনী পাড়ার গর্ভবতী মা ও নবজাতককে স্বাস্থ্যসেবা দেয়া কঠিন হয়ে পড়েছে। এতে মৃত্যু ঝুঁকির পাশাপাশি অপুষ্টির শিকার হচ্ছে এ পাড়ার মানুষ।

 

রাঙামাটির সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতালে শিশু বিশেষজ্ঞ রয়েছেন একজন। তাছাড়া গাইনি বিভাগের চিকিৎসকের পদটিও দীর্ঘদিন ধরে খালি। এছাড়া গর্ভপাতে দক্ষতার অভাবের কারণে মা ও সন্তানের মৃত্যুর সংখ্যা বাড়ছে। হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ও গাইনি বিশেষজ্ঞের চিকিৎসার মাধ্যমেই মা ও নবজাতকের মৃত্যুর হার কমানো সম্ভব। দুর্গম পাহাড়ের মানুষদের স্বাস্থ্য সচেতনতা ও কমিউনিটি ক্লিনিকগুলো আধুনিক করা হলে গর্ভবতী মা ও শিশুরা আধুনিক চিকিৎসা পাবে।