রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

আইপিএল নিয়ে আগ্রহ কমবে বাংলাদেশিদের

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

আইপিএল-২০১৯ নিয়ে স্বাভাবিকভাবেই আগ্রহ কমবে বাংলাদেশিদের। কারণটাও স্পষ্ট, গেল কয়েক আসরের চেয়ে এবার কমসংখ্যক টাইগার ক্রিকেটার অংশ নিচ্ছেন। একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান আসন্ন আসরে মাঠ মাতাবেন।

গেল তিন আসরে আইপিএলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন সাকিব ও মোস্তাফিজুর রহমান। ২০১৮ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন সাকিব। এবারো তাকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। আর গেল বছর মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে মাঠ মাতান মোস্তাফিজ। তবে এবার তাকে ছেড়ে দিয়েছে রেকর্ড তিনবারের চ্যাম্পিয়নরা।

গেল মঙ্গলবার জয়পুরে হয়েছে আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফট। সেই নিলাম তালিকায় ছিলেন দুই বাংলাদেশি ক্রিকেটার-মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। স্বাভাবিকভাবেই তাতে চোখ ছিল কোটি বাংলাদেশির। তবে সবাইকে হতাশ হতে হয়েছে। দল পাননি দুজনের কেউই।

মুশফিক-মাহমুদউল্লাহর ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। নিলামে মুশির নাম উঠলেও রিয়াদের ওঠেইনি। দুজনের কারোই আর বিক্রি হওয়ার সম্ভাবনা নেই। ফলে এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার সাকিব।

সাধারণত, টাইগার ক্রিকেটাররা আইপিএলের যে দলে খেলে থাকেন, সেই দলকে সমর্থন করেন বাংলাদেশিরা। স্বদেশি খেলোয়াড় কমে যাওয়ায় এবার এদের সমর্থন হারাচ্ছে আইপিএল।

একে তো টুর্নামেন্টটিতে স্বদেশি খেলোয়াড় কম, উপরন্তু সামনে বাংলাদেশের ব্যস্ত শিডিউল। ফেব্রুয়ারি-মার্চে রয়েছে নিউজিল্যান্ড সফর। এরপর রয়েছে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। পরেই ওয়ানডে বিশ্বকাপ। ফলে টাইগার সমর্থকদের নজর থাকবে এদিকে। সঙ্গত কারণে তাদের সমর্থন হারাবে আইপিএল।