কেনিয়ায় হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত ১৪
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা জানিয়েছেন, সব সন্ত্রাসীদের হত্যা করে প্রায় ২০ ঘণ্টার পর মুক্ত করা হয়েছে রাজধানী নাইরোবির পাঁচ তারকা হোটেল ডুসিট।
বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ‘আমি নিশ্চিত করছি ডুসিট চত্বরে নিরাপত্তা বাহিনী অভিযান শেষ হয়েছে এবং সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।’
‘এখন পর্যন্ত সন্ত্রাসীদের হাতে ১৪ জন নিরীহ ব্যক্তির প্রাণহানির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে, আহত হয়েছে কয়েক জন,’ বলেন তিনি।
বার্তা সংস্থা এএফপি জানায়, পুলিশ সূত্র আগে বলেছিল ১৫ জন নিহত হয়েছে।
কেনিয়াত্তা জানান, ৭০০ বেসামরিক লোককে জিম্মি দসা থেকে মুক্ত করা হয়, কিন্তু ওই এলাকায় কেউ লুকিয়ে আছেন কিনা সে সম্পর্কে তিনি কিছু বলেননি।
সেখানে ঠিক কত জন সন্ত্রাসী হামলা চালিয়েছিল সেটাও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় মিডিয়ায় প্রচারিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, চার জন অস্ত্র সজ্জিত হামলাকারী মঙ্গলবারই বিকেলে হোটেলে প্রবেশ করেন।
এদের মধ্যে অন্তত একজন হামলার শুরুতেই বিস্ফোরণে নিজেকে ছিন্নভিন্ন করে দেন, জানায় এএফপি।
পুলিশ সূত্র জানায়, দু’জন হামলাকারীকে বুধবার সকালে দীর্ঘ সময় গোলাগুলির পর হত্যা করা হয়েছে। এদের দু’জনের কাছেই একে-৪৭ রাইফেল ছিল।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমালিয়া ভিত্তিক আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে, কিন্তু তারা বিস্তারিত কোনও বক্তব্য দেয়নি।
কেনিয়ায় সম্প্রতি বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার অনেকগুলোই ঘটেছে সোমালিয়ার সঙ্গে কেনিয়ার সীমান্তের কাছে এবং নাইরোবিতে।
আল-শাবাব সোমালিয়ার সরকারের বিরোধিতা করে আসছে। কিন্তু তারা পুরো পূর্ব আফ্রিকা জুড়েই বিভিন্ন সময়ে হামলা চালিয়েছে।
২০১৩ সালে নাইরোবির একটি শপিং মলে হামলা চালায়। আশি ঘণ্টার এই হামলায় তারা ৬৭ জন মানুষকে হত্যা করে।
এর দুই বছর পর তারা কেনিয়াতেই তাদের ভয়াবহতম হামলায় গ্যারিসা ইউনিভার্সিটিতে ১৫০ জনকে হত্যা করে।
