যে কারণে আবর্জনা ঘাঁটছে সিরিয়ার শিশুরা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি শরণার্থী শিবিরের শিশুরা খাবারের জন্য আবর্জনার স্তূপ ঘাঁটছে৷ তাদের উদ্দেশ্য হলো- বিক্রি করার মতো কোনো জিনিস পেলে তা দিয়ে পরিবারের খাবার কেনা৷
এমনই এক কিশোর সাবা আল জসিম প্রতিদিন একটা ছিপ নিয়ে আবর্জনার স্তূপে যায়৷ ছিপের আগায় লোহার টুকরো লাগানো থাকে৷ সেটা দিয়ে প্লাস্টিকের জিনিসপত্র বাছাই করে৷ এগুলো বিক্রি করে কয়েক ডলার পায়৷ আর তা দিয়েই ১১ সদস্যের পরিবারের খাওয়া জোটে৷
সংবাদ সংস্থা এএফপিকে সে জানায়, ‘আমি আমার পরিবারকে সহায়তা করার জন্য এই কাজ করি৷ প্রতিদিন দুই ব্যাগ প্লাস্টিক সংগ্রহের চেষ্টা করি।’
জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের বাংলা ভার্সনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় ৮ বছর ধরে চলে আসা গৃহযুদ্ধের ফলে সাবার মতো অনেক শিশুই গৃহহীন৷ তারা স্কুলে যেতে পারে না৷ সাবার বাবা ভীষণ অসুস্থ৷ মা-ও চলাফেরা করতে অক্ষম৷ বড় ভাই পঙ্গু৷ ফলে বাকি ভাই-বোনরা এই আবর্জনা ঘেঁটেই সংসার চালায়৷
সিরিয়ার ইদলিবের এই অংশে অন্তত ৩০ লাখ মানুষের বাস৷ তাদের মধ্যে অর্ধেকই গৃহযুদ্ধের কারণে ঘর ছেড়ে এখানে আশ্রয় নিয়েছে৷ বেশিরভাগ মানুষই ত্রাণের ওপর নির্ভরশীল৷ কিন্তু কাফর লাসিনে সাবার মতো ৫০টি পরিবার যেখানে আশ্রয় নিয়েছে, সেখানে ত্রাণ পৌঁছে না৷ ফলে এসব পরিবারের বেশিরভাগ সদস্যই আবর্জনা বিক্রি করে সংসার চালায়৷
তাদের একজন জানায়, প্লাস্টিকের আবর্জনা বিক্রি করে দিনে এক হাজার সিরিয়ান পাউন্ড বা ২ মার্কিন ডলার আয় হয়৷ এই অর্থ দিয়ে রুটি, আলু, সবজি কেনা গেলেও মাংস জোটে না তাদের কপালে৷
সাবার বাবা বলেন, ‘যখন সন্তানরা আবর্জনার খোঁজে যায়, তখন নিজেকে খুব ছোট আর অসহায় লাগে৷ কিন্তু ওরা যদি এই কাজটা না করে তবে, আমাদের না খেয়ে মরতে হবে৷'
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, সিরিয়ার ৬৫ লাখ মানুষ খাদ্যের চাহিদা মেটাতে পারে না৷
৮ বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় ৩ লাখ ৬০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে৷ গৃহহীন হয়েছে কয়েক লাখ মানুষ৷
