বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

ট্রাম্প ‘কার্ডে’ ৪০ মিলিয়ন ডলার খসল দক্ষিণ কোরিয়ার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

দক্ষিণ কোরিয়ার মাটিতে মার্কিন সৈন্যদের উপস্থিতির জন্য সিউলের কত টাকা দেয়া উচিত, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছে এশিয়ার দেশটি।

 

হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় মোতায়েন তার দেশের সৈন্যদের জন্য আরও বেশি অর্থ দাবি করেন। এরপরই মূলত এ-সংক্রান্ত আগের চুক্তি অকার্যকর হয়ে পড়ে।

এরপর গত বছরের মার্চ থেকে দু’দেশের কর্মকর্তারা অন্তত ১০ বার বৈঠক করেছে। কিন্তু, অর্থের বিষয়ে কোনো সুরাহা করতে পারেনি। অবশেষে রোববার নতুন চুক্তি করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

কাতারের সংবাদমাধ্যম আলজাজিরা খবর দিয়েছে, আগে দক্ষিণ কোরিয়া সৈন্য বাবদ যুক্তরাষ্ট্রকে ৮৫০ মিলিয়ন ডলার দিতো। নতুন চুক্তির আওতায় তাদের ৮৯০ মিলিয়ন ডলার দিতে হবে। অবশ্য এই চুক্তি কার্যকরে সিউলের পার্লামেন্টের অনুমোদন নিতে হবে।

‘এটা দীর্ঘ একটা প্রক্রিয়া হলেও, খুবই সফল ছিল,’ বলেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিউং-হোয়া।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা টিমোথি বেটস সাংবাদিকদের বলেন, ‘দক্ষিণ কোরিয়ার দেয়া অর্থ পরিমাণে অল্প হলেও মিত্রবাহিনীর জন্য তা গুরুত্বপূর্ণ।’

দক্ষিণ কোরিয়ায় প্রায় সাড়ে ২৮ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের সময় থেকেই সেখানে মার্কিন সৈন্যদের এই উপস্থিতি বিদ্যমান।

গত মাসে একজন জ্যেষ্ঠ দক্ষিণ কোরীয় কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ‘হঠাৎ, অগ্রহণযোগ্য’ভাবে বছরে ১.২ বিলিয়ন ডলার দাবি করায় আলোচনায় অচলাবস্থা তৈরি হয়।

মঙ্গলবার ট্রাম্প তার বাৎসরিক ভাষণে জানান, ফেব্রুয়ারি ২৭-২৮ তারিখে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয়বার বৈঠকে বসবেন তিনি।