র্যাপে ক্ষ্যাপা পুতিন
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন র্যাপ সঙ্গীতের নিয়ন্ত্রণ নিতে সরকারকে কঠোর নির্দেশ দিয়েছেন। সোমবার তিনি বলেন, ‘র্যাপ সঙ্গীত নিষিদ্ধ করা অসম্ভব, কাজেই সরকারকে এর নিয়ন্ত্রণ নিতে হবে। সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় দেখবে কীভাবে তরুণদের কনসার্টগুলো নিয়ন্ত্রণ করা যায়।’
রুশ র্যাপ সঙ্গীত শিল্পী হাস্কিকে গ্রেফতার এবং রাশিয়াজুড়ে তার বেশ কিছু কনসার্ট বাতিল হওয়ার পর প্রেসিডেন্ট পুতিন এ মন্তব্য করেন। র্যাপের মাদকতাসুলভ অঙ্গভঙ্গিতে র্যাপ সঙ্গীতের ওপর ক্ষেপেছেন পুতিন। খবর এবিসি নিউজের।
দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাসনোডারে এ মাসেই হাস্কির একটি কনসার্ট বাতিল করা হয়। শহরটির কর্তৃপক্ষ এই কনসার্টকে চরমপন্থীদের জন্য আয়োজন করা বলে অভিযোগ করছেন। হাস্কির আসল নাম ডিমিত্রি কুজনেটসভ। একটি গাড়ির ওপর দাঁড়িয়ে তিনি গান গাওয়ার পর তাকে ১২ বছরের সাজা দেয়া হয়।
পুতিন সেন্ট পিটার্সবার্গে কাউন্সিল ফর কালচার অ্যান্ড আর্টের এক সভায় বলেন, ‘র্যাপ সঙ্গীত বন্ধ করা অসম্ভব হওয়ায় এটির নিয়ন্ত্রণ নিতে হবে এবং খুব সতর্কতার সঙ্গে এগোতে হবে।’ তিনি বিশেষ করে তরুণদের মধ্যে মাদকের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
প্রেসিডেন্ট বলেন, র্যাপ এবং অন্যান্য আধুনিক শিল্পের স্তম্ভ আসলে তিনটি- সেক্স, ড্রাগস এবং প্রতিবাদ। আমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন মাদক নিয়ে। একটা জাতিকে ধ্বংস করার এটাই উত্তম পথ।’ পুতিন আরও বলেন, র্যাপ সঙ্গীতে যেসব বাজে শব্দ ব্যবহার করা হয়, সেটা নিয়েও তিনি উদ্বিগ্ন। এ বিষয়ে তিনি একজন ভাষাতাত্ত্বিকের সঙ্গেও কথা বলেছেন।
রুশ সরকারের সঙ্গে দেশটির সঙ্গীত শিল্পীদের সম্পর্ক বেশ জটিল। এর আগে পুসি রায়ট নামে একটি নারীবাদী ব্যান্ড দল নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। এই দলটি একটি ক্যাথেড্রালের মধ্যে সঙ্গীত পরিবেশনের পর দলটির সদস্যদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছিল।
পুসি রায়ট এ বছরের শুরুতে অভিযোগ করেছিল যে রুশ গোয়েন্দা সংস্থা তাদের দলের একজনের ওপর বিষ প্রয়োগ করেছিল। সোভিয়েত ইউনিয়নেও বেশিরভাগ পশ্চিমা পপ সঙ্গীতকে অবজ্ঞার চোখে দেখা হতো। তখন রাশিয়ার রক সঙ্গীতশিল্পীদের বিচারের মুখোমুখি হতে হয়েছে।
