বিশ্বব্যাপী ফ্রি ওয়াইফাই দেবে চীন
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৬ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার
চীনের একটি প্রতিষ্ঠান বিশ্বব্যাপী বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট দিতে নতুন এক স্যাটেলাইট উন্মোচন করেছে।
প্রতিষ্ঠানটির নাম লিঙ্কশিওর নেটওয়ার্ক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী বছর স্যাটেলাইটটি মহাকাশে পাঠাবে তারা। এটি পাঠানো হবে জিগুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে। যা চিনের উত্তরাঞ্চলের প্রদেশ গানসুতে অবস্থিত।
এছাড়াও একই সেন্টার থেকে ২০২০ সালের মধ্যে আরও দশটি স্যাটেলাইট পাঠানোর চিন্তা রয়েছে প্রতিষ্ঠানটির।
২০২৬ সালের মধ্যে স্যাটেলাইটের পরিমাণ দাঁড়াতে পারে ২৭২টি।
পিপলস ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ইন্টারনেট ব্যবহার করতে হলে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে লগইন করতে হবে।
সাধারণ যেকোন স্থান তো বটেই, এমনকী যেসব এলাকায় টেলিকম কোম্পানিগুলো তাদের নেটওয়ার্ক পৌঁছাতে পারেনি সেখানেও এই নেটওয়ার্ক পাওয়া যাবে।
লিঙ্কশিওর নেটওয়ার্কের প্রধান নির্বাহী ওয়াং জিংগিয়েন বলেন, এই পরিকল্পনায় আমাদের প্রতিষ্ঠান ৪৩ কোটি ১৪ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করছে।
জাতিসংঘের ২০১৭ সালের এক হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী অন্তত ৩৯০ কোটি মানুষ ইন্টারনেট সেবার বাইরে রয়েছে।
বর্তমানে বিশ্বের অনেক প্রতিষ্ঠান যেমন গুগল, স্পেসএক্স, ওয়ানওয়েব এবং টেলিস্যাট ফ্রি ইন্টারনেট দিতে স্যাটেলাইট প্রকল্প বাস্তবায়ন করছে।
