শনিবার   ০২ মে ২০২৬   বৈশাখ ১৮ ১৪৩৩   ১৫ জ্বিলকদ ১৪৪৭

রোহিঙ্গা সম্মেলনে মিয়ানমারকে বয়কটের ডাক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

রাখাইনে জাতিগত নির্মূল অভিযানের দায়ে অবশেষে মিয়ানমারকে বয়কটের ডাক দিয়েছে আন্তর্জাতিক মহল।

 

রোববার নিউ ইয়র্কে নির্যাতিত রোহিঙ্গাদের আয়োজনে অনুষ্ঠিত এক বৈশ্বিক সম্মেলনে এ বয়কটের আহ্বান আসে। এ লক্ষ্যে রোহিঙ্গা নেতা, মানবাধিকার কর্মী, গণহত্যা বিশারদ এবং জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে আন্তর্জাতিক সব কর্মকাণ্ডে দেশটিকে বয়কটের ডাক দেন।

এতে রাশিয়া ও চীনের বাধার কারণে রাখাইনে নির্বিচারে মুসলিমদের হত্যা, ধর্ষণসহ জাতিগত শুদ্ধি অভিযান চালানোর পরও মিয়ানমারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়ায় জাতিসংঘের প্রতি নিন্দা জানান বক্তারা।

 

সম্মেলনে ধর্ষিত এক রোহিঙ্গা নারী বলেন, মিয়ানমারের বর্বর সেনাবাহিনী এবং উগ্রবাদী বৌদ্ধরা রাখাইনে মুসলিমদের তাড়াতে ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। রাখাইন থেকে মুসলিমদের তাড়ানোর পর মিয়ানমারের সেনাবাহিনী এখন ক্যারেন, কাচিন ও শান রাজ্যে জাতিগত সংখ্যালঘুদের টার্গেট করেছে।

ইউএস আর্মি ওয়ার কলেজের অধ্যাপক ও গবেষক আজিম ইব্রাহীম মিয়ানমারের জাতিগত শুদ্ধি অভিযান নিয়ে ‘দ্য রোহিঙ্গা: ইনসাইড মিয়ানমারস হিডেন জেনোসাইড’ নামে একটি বই লিখেছেন।

তিনি বলেন, ২০১৬ সালে যখন বইটি লেখেন, তখন রোহিঙ্গাদের উপর চালানো মিয়ানমার সরকারের বর্বতা নিয়ে কোনো বই ছিল না। সেখানে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বছরের পর বছর ধরে নিরবে চলছে এ গণহত্যা। কারণ নির্যাতিত রোহিঙ্গাদের নিয়ে কেউ ভাবে না। জাতিসংঘ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র- এমনকি প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলোও না।