রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

শ্রীলংকার বিরোধী নেতা রাজাপাকসে

নিজস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:১২ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

শ্রীলংকার পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন মাহিন্দা রাজাপাকসে।

মঙ্গলবার পার্লামেন্ট অধিবেশনে ইউনাইটেড পিপল’স ফ্রিডম অ্যালায়ান্সের (ইউপিএফএ) সংসদ সদস্য হিসেবে তাকে বিরোধী দলের নেতার স্বীকৃতি দেন স্পিকার কারু জয়সুরিয়া।

সেই সঙ্গে ইউপিএফএ’র সাধারণ সম্পাদক মাহিন্দা আমারাবিরা হয়েছেন বিরোধী দলের চিফ হুইপ। রাজাপাকসের পদত্যাগ ও রোববার সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের প্রধানমন্ত্রিত্বে ফেরার মধ্যদিয়ে ৫০ দিনের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটে। দু’দিন পর মঙ্গলবারই প্রথম অধিবেশন বসে পার্লামেন্টে।

শ্রীলংকায় ক্ষমতার তিক্ত লড়াইয়ের অবসান ঘটিয়ে শনিবার পদত্যাগ করেন রাজাপাকসে। এদিন জাতির উদ্দেশে এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পরদিন রোববার ফের প্রধানমন্ত্রী পদে শপথ নেন বরখাস্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

সংবিধান লঙ্ঘন করে এক পদক্ষেপে ২৬ অক্টোবর হঠাৎই বিক্রমাসিংহেকে বরখাস্ত করে তৎক্ষণাৎ রাজাপাকসেকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

কয়েক দিন পর পার্লামেন্ট ভেঙে দিয়ে ঘোষণা করেন আগাম নির্বাচন। সিরিসেনার বিতর্কিত এই দুই পদক্ষেপে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটিতে যে রাজনৈতিক অচলাবস্থা ও সাংবিধানিক সংকট সৃষ্টি হয়, রাজাপাকসের পদত্যাগের পর প্রধানমন্ত্রী হিসেবে বিক্রমাসিংহের শপথের মধ্যদিয়ে দু’মাস ধরে চলমান সেই সংকটের ইতি ঘটে।