তানজানিয়ায় পুরুষ সহকর্মীদের খৎনার পরামর্শ নারী এমপির
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:১৮ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
পূর্ব আফ্রিকার তানজানিয়ায় দেশটির সব পুরুষ এমপিদের খৎনার পরামর্শ দিয়েছেন এক নারী এমপি। মরণঘাতী ব্যাধি এইচআইভি এইডস’র ঝুঁকি কমাতেই এ পরামর্শ দিয়েছেন তিনি।
সম্প্রতি জ্যাকলিন এঙগনিয়ানি সংসদে এক বিতর্কে তার সহকর্মী পুরুষ এমপিদের সবার খৎনা করানো হয়েছে কিনা তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে আহ্বান জানান। তিনি বলেন, খৎনা করানো হয়নি এমন কাউকে যদি পাওয়া যায়, তবে তাকে অবশ্যই খৎনা করতে হবে।
তবে তার এ পরামর্শ তার সহকর্মীদের মধ্যে মতবিভেদ সৃষ্টি করেছে।- খবর বিবিসি’র
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, বিশ্বের মোট এইচআইভি আক্রান্ত ব্যক্তির প্রায় ৭০ শতাংশের বাস আফ্রিকাতে। এইডস থেকে মৃত্যুর ৭২ শতাংশও এ মহাদেশেই। এটি আফ্রিকার সবচাইতে ভয়াবহ জনস্বাস্থ্য ঝুঁকি বলে বিবেচিত।
এইডস রোগটি তানজানিয়ার জনস্বাস্থ্যের জন্য খুব বড় একটি হুমকি। এ রোগটির ঝুঁকি কমাতে দেশটির পুরুষদের প্রায় ৭০ শতাংশেরই খৎনা করা হয়েছে।
২০১৬ সালের জরিপ অনুযায়ী দেশটিরপ্রাপ্ত বয়স্ক জনগোষ্ঠীর ৫ শতাংশ রোগটিতে আক্রান্ত, যা দেশটিকে বিশ্বের এইডস আক্রান্ত দেশসমূহের তালিকায় ১৩তম অবস্থানে নিয়ে এসেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, খৎনার মাধ্যমে পুরুষদের মাধ্যমে এইডস ছড়ানোর ঝুঁকি প্রায় ৬০ শতাংশ কমিয়ে আনা সম্ভব। তাই খৎনার মাধ্যমে এইচআইভি সংক্রমণ পুরোপুরি বন্ধ না হলেও তা কমাতে সাহায্য করে বলে মনে করা হয়।
আফ্রিকার বেশ কিছু দেশ যারা মহামারী এইচআইভি’র বিরুদ্ধে লড়ছে, তারা পুরুষদের খৎনা করার প্রতি উৎসাহী করতে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন শুরু করেছে। এসব ক্যাম্পেইনের মাধ্যমে পুরুষদের লিঙ্গের মাথায় থাকা অতিরিক্ত চামড়া সার্জারির মাধ্যমে কেঁটে ফেলে দেয়া হচ্ছে।
এমপি জ্যাকলিন এঙগনিয়ানি’র পুরুষ সহকর্মীদের প্রতি খৎনা সম্পন্ন করার এ পরামর্শকে সমর্থন দিয়েছেন দেশটির পার্লামেন্টের আরেক সদস্য জোসেফ সেলাসিনি।
এর আগে ২০০৮ সালে প্রতিবেশী দেশ কেনিয়ায় দেশটির উচ্চ পর্যায়ের কয়েকজন রাজনীতিবিদ একটি ক্যাম্পেইনের মাধ্যমে স্বেচ্ছায় নিজেদের খৎনা সম্পন্ন করিয়েছিলেন। দেশটির পুরুষদের খৎনা করানোর প্রতি আগ্রহী করে গড়ে তুলতেই তারা এ পদক্ষেপ নিয়েছিলেন।
