বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

বোনের প্রার্থীতার বিরোধিতা করলেন থাই রাজা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৬ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

থাইল্যান্ডে আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে প্রধানমন্ত্রী পদে লড়ার ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিলেন থাই রাজা ভাজিরালংকর্ণের বোন রাজকুমারী উবোলরাতানা মাহিদল। তবে বড় বোনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার এ সিদ্ধান্তের বিরোধীতা করেছেন থাই রাজা।

 

রাজকুমারী উবোলরাতানা ঘোষণা করেছিলেন যে, তিনি থাই রাকসা পার্টি হতে প্রধানমন্ত্রী প্রার্থী হবেন। কিন্তু রাজা এক ফরমান জারি করে বলেছেন, থাই সংবিধানের মূলনীতি অনুযায়ী তিনি প্রধানমন্ত্রীর পদে প্রার্থী হতে পারেন না, যদিও তিনি রাজকীয় উপাধি ত্যাগ করেছেন।

থাই রাজা মনে করেন, রাজকুমারী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করলে তা রাজ পরিবারের সদস্যদের রাজনৈতিক নিরপেক্ষতা ক্ষুন্ন করবে।

 

থাই রাকসা পার্টি জানিয়েছে, তারা রাজার আদেশ মেনে চলবে। এই দলটি নির্বাসনে থাকা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা’র দলের রাজনৈতিক মিত্র।

উবোলরাতানা মাহিদল রাজউপাধি ত্যাগ করে রাজনীতিতে নামার ঘোষণা দিয়ে থাইল্যান্ডে রীতিমত চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন। থাই রাজপরিবার নিজেদেরকে রাজনৈতিক দলাদলির উর্ধে রাখার চেষ্টা করে। কিন্তু রাজার বড় বোনের রাজনীতিতে নামার ঘোষণা সেখানে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে।

থাইল্যান্ডে দীর্ঘ প্রায় ৫ বছরের সামরিক শাষনের অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনটি নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক মহলে বেশ আগ্রহ রয়েছে।