আরব দেশগুলোর সমালোচনায় মসজিদুল আকসার খতিব
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫৭ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা ও ফিলিস্তিনিদের অধিকার বিষয়ে আরব দেশগুলোর নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাদের কঠিন সমালোচনা করেছেন মসজিদুল আকসার খতিব ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শাইখ মোহাম্মদ হুসাইন।
শুক্রবার মসজিদুল আকসার জুমার খুতবায় আল আকসা বিষয়ে সোচ্চার নয় এমন আরব দেশগুলোর দূতাবাস সরিয়ে দিতে ফিলিস্তিন কর্তৃপক্ষকে অনুরোধ করেন তিনি।
এ সময় তিনি বলেন, যে আরব দেশগুলো ফিলিস্তিনের স্বাধীনতার ব্যাপারে সহযোগিতা করে না এবং মুসলমানদের প্রথম কেবলার পূর্ণ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক অঙ্গনে কোনো ভূমিকা রাখে না, তাদের বয়কট করতে হবে। আল-আকসা ও ফিলিস্তিন বিষয়ে আন্তর্জাতিক সমাধান শুধু মুখের কথায় হবে না, এর জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে। অথচ আরব দেশগুলো ফিলিস্তিন বিষয়ে শুধু মৌখিক দাবি করে। বাস্তব কোনো পদক্ষেপ গ্রহণ করে না।
দি প্যালেস্টাইন ইরফরমেশন সেন্টারের তথ্য মতে, আল আকসা মসজিদের গ্র্যান্ড ইমাম জুমাপূর্ব আলোচনায় বলেন, মুসলমানদের প্রথম কেবলাসহ ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে ব্যর্থতার সব দায়ভার আরব দেশগুলোকে নিতে হবে। তাদের জোরালো ভূমিকা না থাকায় ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রাম সফল হচ্ছে না।
এ সপ্তাহ জুমার নামাজে ৫০ হাজারের বেশি মুসল্লি মসজিদুল আকসায় জুমার নামাজে অংশগ্রহণ করেন। নামাজে আগত মুসল্লিদের আল কুদস শহরের বিভিন্ন পয়েন্টে ইসরাইলি বাহিনী তল্লাশির নামে হয়রানি করে।
জুমার খুতবায় শাইখ মোহাম্মদ হুসাইন ফিলিস্তিনসহ বিশ্বের সব মুসলিমকে ঐক্যের ব্যাপারে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা সবাই এক ধর্মের অনুসারী, আমরা এক পিতার সন্তান। ঐক্যের কথা শুধু কথায় নয়, কাজে বাস্তবায়ন করতে হবে।
