রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

সিরিয়ার সংবিধান প্রণয়নে বৈঠক

নিজস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৫১ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

সিরিয়ার সংবিধান প্রণয়নের লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় মঙ্গলবার ইরান, রাশিয়া ও তুরস্কের উচ্চপর্যায়ের কর্মকর্তারা বৈঠকে বসেন।

সিরিয়াবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান দ্য মিসতুরা বলেন, এই বৈঠকে সিরিয়ার খসড়া সংবিধান প্রণয়নে একটি ‘বিশ্বাসযোগ্য, ভারসাম্যপূর্ণ এবং অংশগ্রহণমূলক’ কমিটি গঠন এবং দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হবে।

এ কমিটিতে রাশিয়া, ইরান ও তুরস্কের প্রতিনিধিরা থাকবেন। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করতে গত মাসে সিরিয়ার যুদ্ধরত পক্ষগুলো ও মধ্যস্থতাকারীরা কাজখাস্তানে বৈঠকে বসলেও তা ব্যর্থ হয়।

সাত বছরের গৃহযুদ্ধ অবসানে এই সংবিধান প্রণয়নকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। চলতি বছরের শেষে মেয়াদ শেষ হতে যাওয়া জাতিসংঘ দূত মিসতুরা ওই বৈঠক ব্যর্থ হওয়াকে ‘হারানো সুযোগ’ বলে অভিহিত করেছেন।

চলতি বছরের শুরুতে লোহিত সাগরের অবকাশ কেন্দ্র সোচিতে রাশিয়ার আয়োজিত সিরীয় শান্তি সম্মেলনে সিরিয়ার বিশেষজ্ঞ, নাগরিক প্রতিনিধি, স্বাধীন, নৃ-তাত্ত্বিক নেতা এবং নারীদের নিয়ে ৫০ সদস্যের প্রতিনিধি দল গঠন করতে মিসতুরাকে দায়িত্ব দেয়া হয়।

সরকার পক্ষের ৫০ সদস্যের প্রতিনিধি এবং সমানসংখ্যক বিদ্রোহীদের প্রতিনিধির সমন্বয়ে খসড়া কমিটি গঠনের বিষয়ে ইতিমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।