সালমানকেই খাসোগির হত্যাকারী মনে করেন কিনা এবারও বললেন না ট্রাম্প
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪৯ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
হোয়াইট হাউজ সৌদি যুবরাজকেই সাংবাদিক খাসোগি হত্যার জন্য দায়ী বলে মনে করেন কিনা তা শুক্রবার কংগ্রেসকে জানানোর কথা ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু শুক্রবার পেরিয়ে গেলেও ট্রাম্প এই আইনি বাধ্যবাধকতা মানতে অস্বীকার করেছেন বলে জানায় মার্কিন গণমাধ্যম সিএনএন।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কিন গণমাধ্যমকে বলেন কংগ্রেশনাল কমিটির অনুরোধ মেনে মন্তব্য দিতে অস্বীকার করেছেন।
ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলামিস্ট জামাল খাসোগিকে ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভিতর হত্যা করে ঘাতকরা। তার দেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছে জানা গেলেও সেগুলো এখনও খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার পর পর এই ঘটনায় কোনও ভাবেই জড়িত নয় বলে দাবী করে। কিন্তু পর পর বেশ কয়েকটি অসংলগ্ন বক্তব্য দেয়ার পর তারা শেষ পর্যন্ত সৌদি আরব স্বীকার করে সৌদি ঘাতকরাই কনস্যুলেটের ভিতর খাসোগিকে হত্যা করেছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা এমবিএসই খাসোগিকে হত্যার নির্দেশ দিয়েছিল। কিন্তু যুবরাজ বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
পশ্চিমা দেশগুলোর নেতারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সৌদি আরবকে এর জন্য দায়ী করে পদক্ষেপ নেয়ার দাবী করেছে।
মার্কিন সিনেটররা অক্টোবরে গ্লোবাল ম্যাগ্নিটস্কি অ্যাক্টের আওতায় মার্কিন প্রেসিডেন্টকে খাসোগি হত্যার বিষয়ে তদন্ত করতে বলেন। এই আইনের আওতায় খাসোগি হত্যায় এমবিএস দায়ী কিনা সে বিষয়ে ১২০ দিনের মধ্যে ট্রাম্পকে মন্তব্য দিতে বলা হয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট আগেও সৌদি আরব ও এমবিএসের বিরুদ্ধে বৃহত্তর ও কঠোর পদক্ষেপ নিতে অস্বীকার করেছিলেন দেশটির সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্কের কারনে।
'ট্রাম্প অবিচলভাবে বলে চলেছেন, হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তি খোঁজার চেয়ে সৌদি-মার্কিন সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ,' ওয়াশিংটন থেকে জানান আল জাজিরার প্রতিবেদক মাইক হানা।
