সিরিয়ায় হামলা চালালে ইসরাইলকে ‘কঠোর’ জবাব দেয়ার হুমকি ইরানের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
ইসরাইল সিরিয়ায় হামলা চালানো অব্যাহত রাখলে তাদেরকে ‘কঠোর ও উপযুক্ত’ জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে ইরান। বিদ্রোহী ও আইএসের বিরুদ্ধে আট বছব্যাপি লড়াইয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিচ্ছে তেহরান।
ইসরাইল তার নিরাপত্তার প্রতি সবচেয়ে বড় হুমকি মনে করে ইরানকে। সিরিয়ার ইরান ও তাদের সহযোগী সশস্ত্র দলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বার বার হামলা চালিয়েছে ইসরাইল।
এপ্রিল মাসে আসন্ন নির্বাচনের আগে ইসরাইল সিরিয়ার বিমান হামলার বিষয়ে আরও খোলাখুলি বক্তব্য দেয়া শুরু করেছে।
মঙ্গলবার তেহরানে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদআল-ময়ালেমের সঙ্গে বৈঠকের পর ইরানের ইরানের নিরাপত্তা কর্মকর্তা আলি শামখানি বলেন, ইসরাইলের হামলা সিরিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে এবং এগুলো অগ্রহণযোগ্য।
‘এই হামলা চালিয়ে যাওয়া হলে এটা থামাতে এবং ইসরাইলের অপরাধী ও মিথ্যুক শাসকদের শিক্ষা দিতে আমরা সুচিন্তিত কিছু পদক্ষেপ গ্রহণ করব,’ বলেন শামখানি।
কিন্তু, গত মাসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইলি বাহিনী সিরিয়ায় ইরানিদের ওপর হামলা চালিয়ে যাবে। তিনি সেখান থেকে ইরানিদের ‘দ্রুত বেরিয়ে যাওয়ার’ও হুঁশিয়ারি দিয়েছেন।
ইসরাইল সিরিয়ার যুদ্ধে সরাসরি যোগ দেয়া এড়িয়ে যেতে চেয়েছে। কিন্তু লেবাননে তাদের শত্রু হিজবুল্লার কাছে উন্নত অস্ত্র পৌঁছানো ঠেকাতে সেখানে তারা কয়েক ডজন হামলা চালিয়েছে বলে দাবী করে।
সিরিয়ায় ইরানের সামরিক শক্তি প্রতিষ্ঠা ঠেকাতে ইসরাইল বদ্ধপরিকর। সিরিয়ায় হামলা চালিয়ে ইরানিদের হত্যা করার জন্যও ইসরাইলকে দোষারোপ করা হয়েছে।
