বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

হিটলারের বাড়ির জন্য দিতে হবে ১৫ লাখ ইউরো

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

হিটলার যে বাড়িতে জন্মেছিলেন, সেই বাড়ির মালিককে ১৫ লাখ ইউরো দিতে সরকারকে নির্দেশ দিয়েছে অস্ট্রিয়ার একটি আদালত৷ বাড়িটিতে ১৮৮৯ সালে জন্মেছিলেন নাৎসি নেতা অ্যাডলফ হিটলার৷

 

অস্ট্রিয়ার উত্তরাঞ্চলের একটি জেলা আদালত বুধবার এই নির্দেশ দেয়৷ ওই বাড়ির মালিক গেরলিন্ডে পোমেরকে ১৫ লাখ ইউরো দেয়ার নির্দেশ দিয়েছে অস্ট্রিয়ার সরকারকে৷ পোমেরের আইনজীবীরা এই পরিমাণ অর্থই দাবি করেছিলেন৷ 

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের বাংলা ভার্সনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিটলার যে বাড়িতে জন্মেছিলেন, তার মালিক ছিলেন পোমের পরিবার৷ কিন্তু ১৯৩৮ সালে নাৎসীবাহিনী ক্ষমতায় এলে বাড়িটি পোমের পরিবারের কাছ থেকে নিয়ে নেন হিটলারের ঘনিষ্ঠ সহযোগী মার্টিন বোরমান৷ 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ওই বাড়িটি রাষ্ট্রীয় নিরাপত্তার আওতায় ছিল৷ বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পোমের পরিবার বাড়িটি ফিরে পেয়েছিল৷ গেরলিন্ডে পোমের ১৯৭৭ সালে উত্তরাধিকার সূত্রে বাড়িটি পান৷ কিন্তু নাৎসীরা ওই বাড়িটিকে ঘিরে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে এই আশঙ্কায় অস্ট্রিয়া সরকার কয়েক বছর পরই বাড়িটির ইজারা নিয়ে নেয় পোমেরের কাছ থেকে৷ 

২০১১ সাল পর্যন্ত এটি প্রতিবন্ধীদের আশ্রয়কেন্দ্র ছিল৷ কিন্তু সরকার যখন ওই বাড়িতে হুইলচেয়ার চলাচলের উপযুক্ত করে সংস্কারের আগ্রহ দেখায়, তখন পোমের ইজারার চুক্তি বাতিল করেন৷ পোমেরের কাছ থেকে বাড়িটি কেনার চেষ্টা করে কয়েকবার ব্যর্থ হওয়ার পর ২০১৬ সালে অস্ট্রিয়া সরকার তিন তলা ভবনটি বিক্রয়ের নির্দেশ দেয়৷ কিন্তু পোমের বাড়িটি বিক্রির নির্দেশ নাকচ করে দেন৷ এই নির্দেশকে অসাংবিধানিক উল্লেখ করে তিনি আদালতের আশ্রয় নেন৷ কিন্তু তখন আদালতের রায় রাষ্ট্রের পক্ষে যায়৷ 

হিটলারের জন্মস্থান ওই বাড়িটি নব্য নাৎসী ও অন্যান্য চরমপন্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং প্রতি বছর ব্রাওনাও আম ইন-এর এই বাড়িটির সামনে ছবি তোলার জন্য চরমপন্থীরা দলে দলে সেখানে যায়৷