বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

প্যারিসে ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১৭ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

 

মঙ্গলবার প্যারিসের সিক্সটিন্থ অ্যারনডিসেমেন্ট এলাকায় অবস্থিত একটি আটতলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন যাদের মধ্যে ছয় জনই অগ্নিনির্বাপক কর্মী। 

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফরাসি কর্মকর্তারা। অগ্নিকাণ্ডের শিকার ভবনটি থেকে অগ্নিনির্বাপক কর্মীরা মইয়ের সাহায্যে প্রায় অর্ধশতাধিক লোককে উদ্ধার করেছে।
 
মঙ্গলবারের এ অগ্নিকাণ্ডকে প্যারিসের ইতিহাসের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বলে মন্তব্য করেছেন তদন্তকারীরা।

 

অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির বাসিন্দা মধ্যবয়সী এক নারীকে আটক করেছে ফরাসি পুলিশ। আটক সেই নারীর মানসিক সমস্যা রয়েছে বলে জানাগেছে। 

আটক হওয়া নারীর প্রতিবেশীরা জানান, অগ্নিকাণ্ড ঘটার কিছু আগে অভিযুক্ত নারীর সঙ্গে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে প্রতিবেশী এক ব্যক্তির কথা কাটাকাটি হয়েছিল যে কিনা পেশায় একজন অগ্নিনির্বাপক কর্মী। তখন সেই নারীকে বলতে শোনা যায় যে, ও তুমি একজন অগ্নিনির্বাপক কর্মী, এই নাও আগুন।

ফরাসি পুলিশ ভবনে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর ঘটনায় এরইমধ্যে তদন্ত শুরু করেছে।