ভারতে সোয়াইন ফ্লুতে ২২৬ জনের মৃত্যু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:০৭ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
ভারতে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে ২২৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
দেশটির ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (এনসিডিসি) প্রতিবেদন অনুযায়ী, সোয়াইন ফ্লু ভাইরাসের কারণে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতের রাজস্থানে। এই রোগে আক্রান্ত হয়ে এ রাজ্যে এখন পর্যন্ত অন্তত ৮৫ জন মারা গেছেন। এ ছাড়া আরো দুই হাজার ২৬৩ জনের শরীরে এ ভাইরাস পাওয়া গেছে।
এ ভাইরাসে আক্রান্ত হওয়ার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গুজরাট। এই রাজ্যে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। আর পাঞ্জাবে মারা গেছেন ৩০ জন।
রাজস্থানে গণস্বাস্থ্য সংক্রান্ত একটি টিম পাঠানোর কথা জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়া গুজরাট, পাঞ্জাবেও টিম পাঠানো হয়েছে। সোয়াইন ফ্লু মোকাবেলায় রাজ্যগুলোকে সহায়তা করার জন্য এ সব টিম পাঠানো হয়েছে। সরকারিভাবে বিভিন্ন সংবাদপত্রে এই সংক্রান্ত সচেতনামূলক বার্তা দেয়া হয়েছে।
২০০৯ সালে প্রথম মেক্সিকোয় সোয়াইন ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। দ্রুত এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার উপসর্গের মধ্যে জ্বর, মাথা ব্যথা, গলা ও শরীর ব্যথা, শ্বাসকষ্ট, ক্ষুদামন্দা ও আলস্য, ওজন কমে যাওয়া ইত্যাদি অন্যতম।
