খোঁজ মিলেছে সালাকে বহনকারী সেই উড়োজাহাজের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০২ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
অবশেষে খোঁজ মিলল আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালাকে নিয়ে নিখোঁজ হওয়া সেই উড়োজাহাজের। সোমবার ইংলিশ চ্যানেলের ২২০ ফুট নিচে উড়োজাহাজের একটা অংশ খুঁজে পায় উদ্ধারকারী দল।
উদ্ধাকারী দলের ক্যামেরায় ভেঙে পড়া বিমানের সাথে একটি দেহের ছবিও দেখা গিয়েছে। তবে ওই দেহটি কার সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ইংলিশ চ্যানেলে প্রবল ঢেউ এবং খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকারী দলের সদস্যরা পানির নিচে নামতে পারেননি। আবহাওয়া স্বাভাবিক হলে বিমানের ভেতরে ঢোকার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে।
উদ্ধারকারী দলের প্রধান সমুদ্রবিজ্ঞানী ডেভিড মিয়ার্নস সোমবার বলেছেন, ‘বিমান কোথায় ভেঙে পড়েছিল সেই জায়গা চিহ্নিত করে নতুন করে খোঁজ করা শুরু হয়েছিল। সাবমেরিনের ক্যামেরায় প্রথম ধরা পড়ে ভেঙে পড়া বিমানের অংশ।’
তিনি আরো বলেছেন, ‘বিমানের গায়ে লেখা রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে দেখার পরেই আমরা নিশ্চিত হই। অদ্ভুত ভাবে বিমানের বড় অংশই জলের নিচে অক্ষত রয়েছে।’
এদিকে তাদের ক্যামেরায় উড়োজাহাজের ভেতর একটি দেহের ছবি ধরা পড়ে। সেই বিষয়ে তারা এখনও নিশ্চিত হতে পারেনি যে, এটি সালার না পাইলটের।
২৪ জানুয়ারি উদ্ধারের কাজ সরকারি ভাবে স্থগিত ঘোষণা করা হয়েছিল। এরপর ব্যক্তিগত উদ্যোগে চলতে থাকে উদ্ধার তৎপরতা। সালাকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখতে আহ্বান জানিয়েছিলেন ম্যারাডোনা-মেসির মতো কিংবদন্তিরা। উদ্ধার অভিযানে অর্থ সহায়তা দিয়েছেন কিলিয়ান এমবাপে, আদ্রিয়েন রাবিওত, দিমিত্রি পায়েত, এনগোলো কান্তের মতো তারকারা ফুটবলাররাও।
