বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৮ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

গুইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল ইউরোপের দেশগুলো

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোকে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেনসহ ইউরোপের অন্যান্য দেশগুলো।

 

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) দেয়া সময়সীমার মধ্যে আগাম নির্বাচন দিতে অস্বীকার করায় তারা সোমবার এই পদক্ষেপ নেয় বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

গত মাসে গুইদো নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করার পর যুক্তরাষ্ট্র তাকে সমর্থন দেয়।

অন্যদিকে, ইইউ'র দেশগুলো ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছে মাদুরোর সমর্থক রাশিয়া।

পদত্যাগের জন্য মাদুরোর ওপর ক্রমেই চাপ বাড়তে থাকায়, তিনি বলেছেন দেশটিতে এখন গৃহযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

তিনি বলেন, ‘কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না…আমরা আমাদের দেশ রক্ষায় প্রস্তুত।’

এর আগে ডোনাল্ড ট্রাম্প মার্কিন গণমাধ্যম সিবিএসকে বলেন, ভেনিজুয়েলার বিষয়ে এখন সামরিক হস্তক্ষেপই একমাত্র ‘অপশন’ হিসেবে অবশিষ্ট আছে।

কিন্তু মাদুরো সতর্ক করে বলছেন, মার্কিন নেতৃত্ব যদি এই ঝুঁকি নেয় তাহলে ভিয়েতনাম যুদ্ধের পুনরাবৃত্তি হবে।

তার প্রতিদ্বন্দ্বী গুইদো রোববার বলেন, ভেনিজুয়েলার মানুষকে মানবিক সহায়তা পৌঁছে দিতে তিনি একটি আন্তর্জাতিক জোট গঠন করবেন।