ড্রেজারেই বিলীন চারশ একর কৃষি জমি
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:০৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
দেবিদ্বারের কুরছাপ ও বেতুয়ায় ফসলি জমি থেকে ড্রেজারে মাটি কাটায় বিলীনের পথে প্রায় চারশ একর কৃষি জমি।
মাসের পর মাস ধরে অবাধে মাটি কাটা হলেও মুখ খুলছেন না কেউ। প্রভাবশালীদের ভয়ে কথা বলতে সাহস পাচ্ছে না ক্ষতিগ্রস্ত কৃষকরা।
ফসলের মাটি বিলীন হওয়ায় কৃষকরা চাষাবাদ করতে পারছে না। এখন কান্না করা ছাড়া আর কোনো পথ নেই কৃষকদের।
দেবিদ্বারের সুলতানপুর কুরছাপ ও বেতুয়া এলাকার প্রায় ২শ’ কৃষকের ফসলি জমি থেকে চলছে মাটি কাটা। জমিতে ড্রেজার বসিয়ে মাটির তলদেশ থেকে বালি তোলায় আশ-পাশের জমি ভেঙে পরিণত হচ্ছে গভীর জলাশয়ে। এতে যেমন জমির অস্তিত্বই বিলীন হচ্ছে তেমনি কৃষক হারাচ্ছে আবাদী ফসল।
এতে করে বিপাকে ফেলছে পার্শ্ববর্তী জমির কৃষককেও। জমি ভেঙে যাওয়ার আশঙ্কায় পার্শ্ববর্তী জমির কৃষককে বাধ্য করা হচ্ছে তার কৃষি জমি নামমাত্র মূল্যে বিক্রি করতে। এভাবে পুরো মাঠই দখলে নিচ্ছে ভূমি খেকোরা। কৃষি জমি ভেঙে বিলীন হয়ে যাওয়ার ভয়ে এলাকার গরিব কৃষকগণ আতঙ্কিত দিন যাপন করছে।
তাজুল ইসলাম নামে এক ক্ষতিগ্রস্ত কৃষক জানান, জমিতে চাষাবাদ করতাম, সোনালী ধানে ভরা ছিল মাঠ। ড্রেজার দিয়ে মাটি কাটায় এখন সব ফসল বিলীন। কৃষক এখন ভাতের অভাবে মরতে হচ্ছে। একেবারেই নিঃস্ব হয়ে গেছি।
প্রভাবশালী মহল কারা নাম জানতে চাইলে স্থানীয় কৃষক আবুল কাশেম ও করিম উদ্দিন মিয়াজি বলেন, আমরা নাম বলে এলাকা ছাড়া হতে চাই না। প্রশাসনের লোকজন এক নামে তাদের চিনে। প্রশাসন একটু খবর নিলেই বেরিয়ে আসবে কারা এর সঙ্গে জড়িত।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট (ভূমি ) সামসুন নাহার বলেন, ফসলি জমি থেকে মাটি তোলার কোনো অভিযোগ পাইনি। পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
