গুইদোকে ইউরোপীয় দেশগুলোর স্বীকৃতি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪০ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ইউরোপীয় দেশগুলো ভেনেজুয়েলার অন্তর্বর্ন্তী প্রেসিডেন্ট হিসেবে হুয়ান গুইদোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেয়া সময়সীমা রোববারের মধ্যে নির্বাচন করার আল্টিমেটাম ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রত্যাখ্যান করে। এ ঘটনায় সোমবার ইইউ দেশগুলো গুইদোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল।
এদিকে ফ্রান্স জানিয়েছে, ভেনেজুয়েলা সরকার নির্বাচন দিতে অস্বীকৃতি জানানোয় এখন গুইদোরই নতুন নির্বাচন আয়োজনের অধিকার আছে।
গুইদো গতমাসে নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। সঙ্গে সঙ্গেই তাকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র।
মাদুরো অভিযোগ করেছেন, গুইদো দেশটিতে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে। পদত্যাগের জন্য মাদুরোর ওপর চাপ বাড়তে থাকায় দেশে গৃহযুদ্ধ বেধে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট মাদুরো টিভিতে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুশিয়ারি দিয়ে বলেছেন, ভেনেজুয়েলা সংকটে হস্তক্ষেপ করলে ট্রাম্পকে রক্তের দাগ নিয়ে হোয়াইট হাউস ছাড়তে হবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলা সংকটে সামরিক হস্তক্ষেপের যে আভাস দিয়েছেন সে সম্পর্কে মাদুরো বলেন, তিনি হস্তক্ষেপ করলে তাকে ভিয়েতনাম যুদ্ধেরই পুনরাবৃত্তি ঘটার ঝুঁকি নিতে হবে।
