বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৮ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

ফিলিপাইনে জঙ্গিবিরোধী অভিযানে নিহত ৮

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩২ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুলুতে দেশটির সেনাবাহিনী পরিচালিত জঙ্গিবিরোধী এক অভিযানে সংঘর্ষে পাঁচ সেনা সদস্যসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। যার মধ্যে তিন জঙ্গিও রয়েছে।

 

জানা গেছে, নিহত ওই তিন জঙ্গি আবু সায়াফ’র সদস্য। খবর ডয়চে ভেলে’র।

একটি ক্যাথিড্রালে বোমা হামলায় ২৭ জন নিহত হওয়ার পর ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে এ অভিযান শুরু করেছে সেনাবাহিনী।

 

গভীর জঙ্গলে জঙ্গি আস্তানার খোঁজে এ অভিযানে সেনাবাহিনীর সঙ্গে বেশ কয়েক দফা সংঘর্ষ হয়েছে জঙ্গিদের। এ অভিযান জঙ্গি ঘাঁটি নির্মূল করার আগ পর্যন্ত চলবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২৭ জানুয়ারি সুলু প্রদেশের রাজধানী জলোতে আওয়ার লেডি অব মাউন্ট কারমেল ক্যাথিড্রালে দুই আত্মঘাতী জঙ্গি বোমা হামলা চালায়। সেই হামলায় ২৭ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন।

হামলায় অংশ নেয়া দু’জন স্বামী-স্ত্রী বলে জানা গেছে। আত্মঘাতী হামলাকারীরা তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করা আবু সায়াফ জঙ্গি গোষ্ঠির সদস্য বলে জানিয়েছেন তদন্তকারীরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন। তবে ইন্দোনেশিয়ার সরকার এখনো এ তথ্য নিশ্চিত করতে পারেনি।

ক্যাথলিক-সংখ্যাগরিষ্ঠ দেশটিতে এই হামলা নতুন করে ভীতি সৃষ্টি করেছে। দেশজুড়ে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন গির্জা, শপিং মলে দেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

 

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে আবু সায়াফকে নির্মূল করার ঘোষণা দিয়েছেন। গেল শতাব্দীর ৯০-এর দশক থেকে নানা সময়ে বোমা হামলা, অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আবু সায়াফ। ইরাক ও সিরিয়ায় আইএস বিশাল ভূ-খণ্ড দখলে নেয়ার পর, আবু সায়াফ তাদের প্রতি আনুগত্য প্রকাশ করে।

মুসলিম-অধ্যুষিত দ্বীপ সুলুতে জঙ্গি আস্তানায় বিমান হামলাও শুরু করেছে ফিলিপাইনের বিমানবাহিনী। দ্বীপটি দীর্ঘদিন ধরে আবু সায়াফের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

২০০০ সালে  এক হাজার ২৫০ সদস্য থাকলেও এখন তাদের মাত্র ৩শ’ থেকে ৪শ’ সদস্য আছে বলে ধারণা করা হয়।