মনিব হাসপাতালে, বাইরে অপেক্ষায় চার কুকুর
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:০২ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
মনিব হাসপাতালে ভর্তি। বাইরে হাপিত্যেশ নয়নে চারটি কুকুর ঠাঁয় দাঁড়িয়ে আছে। দরজার এক পাশে হুইলচেয়ার এবং ভেতরে তাদের মনিবের চিকিৎসা চলছে। সম্প্রতি ব্রাজিলের একটি হাসপাতালে এমন দৃশ্য দেখা গেছে। সেই ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ার। ছবিটি শেয়ার করেছেন ওই হাসপাতালেরই এক নার্স।
অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভবঘুরে এক মানুষকে। পথেই তার বাস। সে পথেই তার কর্মকাণ্ড। আর সেই পথেই হয়ে গিয়েছিল তার এ চার বন্ধু। ভবঘুরে মানুষটার বিপদে-আপদে তারাই ছিল ভরসা।
ব্রাজিলের সেই হাসপাতালের নার্স ক্রিস মামপ্রিম ফেসবুকে লেখেন, আমি যে হাসপাতালে কাজ করি, দেখি রাত ৩টার সময় সেখানে চারটি কুকুর দাঁড়িয়ে আছে। তাদের মনিব অসুস্থতার কারণে ভর্তি হয়েছেন হাসপাতালে। আর ওরা সারাক্ষণ মনিবের অপেক্ষায় হাসপাতালের দরজায়।
৮০ হাজারেরও বেশি ব্যক্তি ফেসবুকে ওই পোস্টটি শেয়ার করেছেন। ক্রিস জানান, ভবঘুরে ওই ব্যক্তির নাম সিজার। ফেসবুকে তিনি লিখেছেন, পথেই দিন গুজরান হয় সাধারণ ছাপোষা ওই মানুষটির। ক্ষুধা, ঠাণ্ডা, ব্যথা তাড়াতেই অন্য মানুষের সাহায্যের ওপর নির্ভর করে থাকতে হয় মানুষটাকে।
তার সব সময়ের সঙ্গী এ চার কুকুর। ক্রিস জানান, সিজারের বন্ধুদের এমনতর ভালোবাসা দেখে হাসপাতালের সবার মন জুড়িয়ে গেছে। হাসপাতালের পক্ষ থেকে যত্ন সহকারে খাওয়ানো হয় ওই কুকুরদের।
