সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১১ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

শীতের আমেজে ভিন্ন স্বাদের ‘মূলার কোফতা’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

শীত মানেই নানা ধরনের সবজির বাহার। আর এ সময় সবজিগুলো খাবারে এনে দেয় এক অন্যরকম স্বাদ। শীতে শাক-সবজি খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে। বিভিন্ন সবজি দিয়েও আবার তৈরি করা যায় নানান ধরনের আইটেম। তবে এর মাঝে মূলাকে অনেকেই অপছন্দ করেন।

কিন্তু আপনি চাইলেই এই অপছন্দের মুলাকে পছন্দের খাবারের তালিকায় নিয়ে আসতে পারেন। আজকের আয়োজনটাও মূলা নিয়ে। ‘মূলার কোফতা’! মূলার নাম শুনে একদম মুখ কুচকাবেন না। খেয়ে দেখুন মুলার ভক্ত হয়ে যাবেন।

 

উপকরণ

মূলা, ছোট টুকরা করা ১/২ কেজি 
কুড়ানো নারকেল ১ টে.চা. 
বাদাম ১/২ টে.চা. 
বেসন ২ টে.চা. 
গরম মশলা ১ চা চামচ 
লাল মরিচ ২ টা 
কাচা মরিচ, কুঁচি করা ১ টি 
পেঁয়াজ ১ টি কুঁচি করা 
ধনেপাতা কুঁচি ১ টে. চা. 
লবণ, স্বাদমত
তেল (ডিপ ফ্রাই-এর জন্য)
গ্রেভি-এর জন্য-
লাল মরিচ ৪টা, গ্রাইন্ড করা
রসুন বাটা ১ চা চামচ 
ধনিয়া গুঁড়া ১ চা চামচ 
হলুদ ১/২ চা চামচ 
পেঁয়াজ ৩ টি, বড় টুকরা করা
পেঁয়াজ বাটা ২ টে চামচ 
তেল ১.৫ টে.চা. 
টক দই ১২৫ মিলি 
গরম মশলা ১ চা চামচ 
এলাচি ৪টি 
আদা কুঁচি ১ চা চামচ 
পানি ১/২ কাপ

প্রণালি:

একটি পাত্রে পানি নিয়ে তাতে মূলার টুকরাগুলো সেদ্ধ করুন। সেদ্ধ করার পর গ্রাইন্ড করুন। একটি বাটিতে তুলে রাখুন।

নারকেল, বাদাম, গরম মশলা, বেসন এবং লাল মরিচ একসাথে গ্রাইন্ড করুন।

কুঁচি করা কাচা মরিচ, পেঁয়াজ ও ধনে পাতা এবং লবণ মূলার সাথে ভালো করে মেশান। ছোট ছোট গোল গোল কোফতা বল তৈরি করুন এবং গরম তেলে সোনালী করে ভাঁজুন।

এবার, গ্রাইন্ড করা লাল মরিচ, লবণ, রসুন, ধনিয়া গুঁড়া এবং হলুদ একসাথে ভালো করে মেশান।

একটি পাত্রে ১.৫ টে.চা. তেলে বড় পেঁয়াজ কুঁচি ও পেঁয়াজ বাটা দিয়ে তাতে এ মিশ্রণটি মিশিয়ে মৃদু আঁচে ৫ মিনিট রান্না করুন। এরপর দই, গরম মশলা, এলাচি এবং আদা কুঁচি দিন। ভালো করে নেড়ে ১/২ কাপ পানি ঢালুন। এবার মৃদু আঁচে আরও ৩ মিনিট রান্না করুন।

কোফতা বলগুলো এতে দিয়ে ২-৩ মিনিট রান্না করুন। ব্যস! মজাদার মূলার কোফতা তৈরি! এবার গরম গরম পরিবেশন করুন।