রাহাত ফতেহ আলী খানকে কারণ দর্শানোর নোটিশ দিল ভারত
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:২৫ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
পাকিস্তানের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের বিরুদ্ধে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
তার বিরুদ্ধে ২০১১ সালে দুই কোটি ভারতীয় রুপি নেয়ার ক্ষেত্রে বৈদেশিক লেনদেন নীতি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।
ভারতীয় পত্রিকা দা হিন্দুর বরাতে ডনের খবরে এ তথ্য জানা গেছে। সম্প্রতি এ সংক্রান্ত তদন্ত শেষ হয়েছে। এর পর বৈদেশিক লেনদেন ব্যবস্থাপনা আইনের অধীনে তাকে শোকজ নোটিশ দেয় ভারতীয় কর্তৃপক্ষ।
আগামী ৪৫ দিনের মধ্যে তাকে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ২০১১ সালে রাহাত ফতেহ আলী খান ও তার ব্যবস্থাপক মারুফ আলী খানকে আটকান ভারতীয় শুল্ক গোয়েন্দারা।
তখন তিনি এক লাখ ২৪ হাজার ডলার ও অন্যান্য বিদেশি উপকরণ বহন করছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
পরে ২০১৪ সালের পর তিনি ও তার সহকারীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ভারতীয় কর্তৃপক্ষ দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত নথি সংগ্রহ করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে এসব অর্থ বহন করে ভুল কিছু করেননি বলে দাবি করেন রাহাত আলী খান। এ সংক্রান্ত আইন সম্পর্কে অবহিত ছিলেন না বলেও দাবি করেন তিনি।
পাকিস্তান ও ভারতীয় দুই দেশের চলচ্চিত্রেই তার জনপ্রিয়তার শীর্ষে থাকে।
