রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

কাশ্মীরে ভারতের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ নিন্দা ওআইসির

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

অধিকৃত কাশ্মীরে স্বাধীনতাকামীদের গুলি করে হত্যা ভারতীয় সেনাবাহিনীর পরিকল্পিত ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিরস্ত্র ও নিরীহ নাগরিকদের ওপর এ হত্যাযজ্ঞ চালাচ্ছে সেনাবাহিনী। এটি বন্ধে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্ত পদক্ষেপ নিতে হবে।’

কাশ্মীরে ভারতের সেনাবাহিনীর নির্বিচার অভিযানের বিরুদ্ধে সোমবার এসব কথা বলেছে মুসলিম দেশগুলোর শীর্ষ সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।

শনিবার এক অভিযানে ফের কাশ্মীরের পুলওয়ামায় ১৪ বিচ্ছিন্নবাদীকে সরাসরি গুলি করেছে ভারতীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় ফের উত্তাল হয়ে উঠেছে উপত্যকা। সোমবার পুলওয়ামার সেনা দফতর ঘেরাওয়ের ডাক দেয় স্থানীয় বেশ কয়েকটি রাজনৈতিক দল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাশ্মীরের সংশ্লিষ্ট এলাকায় কারফিউ জারি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। কাশ্মীরের নাজুক মানবাধিকার পরিস্থিতি নিয়ে সোমবার এক অধিবেশন আহ্বান করে ওআইসির ইন্ডিপেনডেন্ট পারমানেন্ট হিউম্যান রাইটস কমিশন।

অধিবেশন শেষে এক বিবৃতিতে ভারতীয় বাহিনীর বেসামরিক নাগরিক হত্যার তীব্র নিন্দা জানায় কমিশন।

বিবৃতিতে বলা হয়, ‘ওআইসি জেনারেল সেক্রেটারিয়েট এ সন্ত্রাসী কাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং কাশ্মীরিদের ন্যায়বিচার ও সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে।’