পরমাণু চুক্তি নিয়ে শর্ত দিল ইরান
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:০৬ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার
আইএইএ’র প্রধান ইউকিয়া আমানোর (বাম থেকে তৃতীয়) সঙ্গে বৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি (ডান থেকে তৃতীয়)
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা চুক্তিতে ইরানের স্বার্থ রক্ষা হলেই কেবল সেটি মেনে চলবে ইরান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আইএইএ’র সদর দপ্তরে এই সংস্থার প্রধান ইউকিয়া আমানোর সঙ্গে এক বৈঠকের পর ইরানের এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন আরাকচি। খবর পার্স টুডে
তিনি বলেন, আমাদের কাছে এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই সমঝোতায় টিকে থাকলে তাতে আমাদের দেশের স্বার্থ রক্ষা হবে কিনা। যুক্তরাষ্ট্র এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর যেসব দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে তারা যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে, তবে ইরানও পরমাণু চুক্তিতে দেওয়া নিজের প্রতিশ্রুতি পূরণ করবে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পরও ইরান এ সমঝোতায় টিকে থাকার জন্য যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছে। সাক্ষাতে ইউকিয়া আমানো তার সংস্থাকে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে নজরদারির কাজ সুষ্ঠুভাবে পালন করতে দেওয়ায় তেহরানকে ধন্যবাদ জানান। এছাড়া এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
