ক্রিমিয়ায় জঙ্গিবিমান মোতায়েন রাশিয়ার
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:১০ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
ইউক্রেনের সঙ্গে চলমান উত্তেজনায় ক্রিমিয়া উপত্যকায় বেশ কয়েকটি যুদ্ধবিমান মোতায়েন করেছে রাশিয়া।
রুশ সরকারি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ক্রিমিয়ার পুনর্নির্মিত বেলবেক বিমান ঘাঁটিতে অন্তত ১০টি এসইউ-২৭ ও এসইউ-৩০ জঙ্গিবিমান মোতায়েন করা হয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ডিসেম্বর শুরু হওয়ার পর ক্রিমিয়া সীমান্তে ইউক্রেন ‘সামরিক উসকানিমূলক তৎপরতা’র প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে মস্কো ইউক্রেনকে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেবে না এবং এই পরিকল্পনার জন্য কিয়েভকে অনুতপ্ত হতে হবে।
কিয়েভ ‘নাৎসীবাদীদের মতো আচরণ’ করছে বলে অভিযোগ এনে তিনি বলেন, রাশিয়া কখনো ইউক্রেনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে না। ইউক্রেনের দোনবাস অঞ্চলের জনগণই দেশটির সরকারের বিরুদ্ধে লড়াই করছে বলে তিনি দাবি করেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর এ উত্তেজনাপূর্ণ বক্তব্যের পরই ক্রিমিয়া উপত্যকায় রুশ জঙ্গিবিমান মোতায়েনের খবর এল। ২০১৪ সালে ক্রিমিয়ায় অনুষ্ঠিত এক গণভোটের জের ধরে ওই উপত্যকাকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করা হয়।
