শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৮ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

অন্ধ্রেও একলা চলবে কংগ্রেস

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:২২ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার

উত্তরপ্রদেশের পর এবার অন্ধ্রপ্রদেশ রাজ্যেও একলা চলো নীতিতে নির্বাচনী মাঠে নামছে কংগ্রেস। তেলেগু দেশম পার্টির (টিডিপি) সঙ্গে জোট ভেঙে দিয়েছে ভারতের বিরোধী এ দলটি। আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশের সব আসনে প্রার্থী দেবে কংগ্রেস।

 

রাজ্য নেতাদের সঙ্গে সোম ও মঙ্গলবার দু’দিনের বৈঠকে বসেন অন্ধ্রপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত অল ইন্ডিয়ান কংগ্রেস কমিটির (এআইসিসি) নেতা উমেন চান্ডি। পরে রাজ্য কংগ্রেসের নির্বাহী নেতাদের বৈঠকে বুধবার এ সিদ্ধান্ত হয়েছে।

এদিনই উমেন চান্ডি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্ধ্রপ্রদেশে লোকসভার ২৫ ও বিধানসভার ১৭৫ আসনের সব কটিতে নিজেদের ক্ষমতায় লড়বে কংগ্রেস। টিডিপি কোনো প্রতিক্রিয়া জানায়নি। দলের এক নেতা বলেছেন, জোট করে ক্ষতি ছাড়া লাভ তো কিছুই হয়নি। তাই কংগ্রেস জোট ছেড়ে বেরিয়ে গেলেই ভালো। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দিল্লিতে বুধবারই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। তারপর থেকেই জোট নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। পরের দিনই জোট ভাঙার ঘোষণা দিল কংগ্রেস।

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী চান্ডি বলেন, ‘অন্ধ্রপ্রদেশে টিডিপির সঙ্গে কংগ্রেসের আর কোনো জোট নেই, যা সমঝোতা আছে কেন্দ্রীয় স্তরে। অর্থাৎ ভোটের পর কেন্দ্রে সরকার গঠনে প্রয়োজনে জোট হতে পারে। কংগ্রেস লোকসভার ২৫ ও বিধানসভার ১৭৫টি আসনের সব কটিতেই প্রার্থী দেবে এবং নিজের ক্ষমতায় লড়াই করবে।’

মাস দুয়েক আগেও পরিস্থিতি অন্য রকম ছিল। তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে টিডিপি-কংগ্রেস জোট আসন সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেয়। তাতেও অবশ্য মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) ঝড়ে উড়ে যায় জোট।

১১৯ আসনের মধ্যে ৮৮টিতে নিরঙ্কুশ জয় পায় টিআরএস। কংগ্রেসের আসন ২১ থেকে কমে দাঁড়ায় ১৯-এ। আর টিডিপি আগের নির্বাচনে পাওয়া ১৫টি থেকে খুইয়ে জয় পায় মাত্র দুটি আসনে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে দীর্ঘদিন থাকার পর গত বছরই বেরিয়ে আসেন চন্দ্রবাবু নাইডু। তারপর থেকেই কংগ্রেসসহ বিজেপিবিরোধীদের এক জোট করতে তৎপর হন চন্দ্রবাবু।

বিভিন্ন রাজ্যে গিয়ে আঞ্চলিক দলগুলোর নেতানেত্রীদের সঙ্গে একের পর এক আলোচনা সেরেছেন। বেশ কয়েকবার রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক হয়েছে দিল্লিতে। অন্ধ্রপ্রদেশে বিজেপির প্রভাব তেমন নেই। ফলে বিধানসভা ও লোকসভা নির্বাচনে মূল লড়াই হতে চলেছে কংগ্রেস বনাম টিডিপি।

তবে টিআরএস এবং ওয়াইএসআর কংগ্রেসও (রাজশেখর রেড্ডি) ভালো লড়াই করবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সে ক্ষেত্রে ভোট কাটাকাটির খেলায় শেষ পর্যন্ত টিআরএসেরই ফায়দা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ওয়াইএসআর কংগ্রেসে পাল্লাও ভারি হচ্ছে। বুধবার টিডিপি জোট ছেড়ে রেড্ডির দলে যোগ দিয়েছেন রাজামপিত এমএলএ মেডা মালিকারজুনা রেড্ডি।

এদিকে উত্তরপ্রদেশে কংগ্রেস ছাড়াই জয়ী হবে অখিলেশ যাদব ও মায়াবতীর জোট। ইন্ডিয়া টুডে ও কারভি ইনসাইট পরিচালিত এক জরিপে বলা হয়, ৮০ আসনের এ রাজ্যে ৫৮টি আসনে জয়ী হবে সমাজবাদী পার্টি (এসপি) ও বহুজন সমাজ পার্টির (বিএসপি) জোট। বিজেপি জয় পাবে মাত্র ১৮টি আসনে। ২০১৪ সালের নির্বাচনে ৭১ আসন পেয়েছিল দলটি।