সোমবার   ০২ নভেম্বর ২০২৬   কার্তিক ১৭ ১৪৩৩   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

‘মিথ্যা আশ্বাসে ভোট দেবেন না’

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

মিথ্যা আশ্বাস দিয়ে অনেকে ভোট নিতে চাইবে, তাদের সেই আশ্বাসকে পাত্তা না দিতে আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

তিনি বলেন, আওয়ামী লীগ কথা ও কাজে বিশ্বাসী। আর বিএনপি এর উল্টোটা। যাদের কথা ও কাজে মিল নেই তাদেরকে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে বয়কটের আহ্বান জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা।

রবিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন নৌকা প্রতীকের এই প্রার্থী। বিজয় দিবস উপলক্ষে স্থানীয় চম্পকনগর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

উবায়দুল মোকতাদির বলেন, ‘আমি যদি ভালো কামলা হই তাহলে এবার আকামলাদের (বিএনপি) ভোটের মাধ্যমে জবাব দিন। এখনই উপযুক্ত ও শেষ সময়। কারণ তারা দীর্ঘ ২৫ বছর বিজয়নগরবাসীকে মিথ্যা আশ্বাস দিয়ে ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে সব ভুলে যেতেন।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শেখ হাসিনার হাতে যতদিন রাষ্ট্রক্ষমতা থাকবে ততদিন মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনায় এদেশ পরিচালিত হবে। বীর মুক্তিযোদ্ধারাও তাদের প্রাপ্য সম্মান পাবেন।’

আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে গণতন্ত্র, উন্নয়ন ও অসাম্প্রদায়িক চেতনা রক্ষায় সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জহিরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, তানভীর ভূইয়া, মমতাজ বাশার, ফয়জুন্নাহার টুনি প্রমুখ। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নজির শাহ, শাহনুর ইসলাম, ফেরদৌস প্রমুখ।