শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৮ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

পা হারিয়েও বাস্কেটবল তারকা এই অদম্য তরুণী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৬ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ধরা পড়েছিল ক্যানসার। ১৪ রাউন্ড কেমোথেরাপি নেয়ার পরে কেটে বাদ দিতে হয়েছিল বাম পা’টি। কিন্তু থেমে থাকার মেয়ে ছিলেন না আমান্দা মেরেল। অদম্য জীবনীশক্তি নিয়ে ফিরে এসে এখন বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দলের নির্ভরযোগ্য সদস্য তিনি।

বিশ্ববিদ্যালয়ের দলের হয়ে প্রথম ম্যাচে খেলতে নেমে প্রথমে দু’বার পড়ে গিয়েছিলেন আমান্দা। কিন্তু হার মানতে শেখেননি যিনি, সামান্য পড়ে যাওয়া কী করে থামাবে তাকে? উঠে দাঁড়িয়ে পরপর তিন বার জাল চিনতে ভুল করেনি আমান্দার ছোঁড়া বল। আর কারো সহানুভূতি প্রয়োজন হয়নি আমান্দার।

যদিও বল ছোঁড়ার সময় নিজস্ব পদ্ধতিতে তা করে থাকেন আমান্দা। দু’পায়েই না লাফিয়ে শুধুমাত্র সামনের পা’য়ে ভর করেই লাফিয়ে ওঠেন তিনি। এ ছাড়া দৌড়ানোর সময় বাম পা’টিকে সাইকেলের মতো করে টেনে আনতে হয় তাকে। তবু জীবনে সামনের দিকেই তাকাতে চান তিনি। কারুর থেকে পিছিয়ে থেকে নয়, নিজেই নেতৃত্ব দিতে চান আমান্দা।
 
কিন্তু আমান্দার বাবা-মা ভাবতে পারেননি নিজের জীবনটা এভাবে গড়ে নিতে পারবেন তিনি। তার তিন বছর বয়সে বাঁ পায়ে একটা ফোলা মতো দেখা যায়। পরে চিকিৎসা করে দেখা যায় ক্যানসার থাবা বসিয়েছে আমান্দার শরীরে। প্রাণ বাঁচাতে হাঁটু থেকে পুরো পা’টাই কেটে বাদ দিতে হয় আমান্দার। তার পর থেকেই নিজের সঙ্গে নিজের লড়াই শুরু আমান্দার। সে সব দিনের কথা মনে পড়লে আবেগতাড়িত হয়ে পড়েন আমান্দার বাবা-মা।

এখন লক্ষ্য কী আমান্দার সামনে? প্রতিবন্ধীদের জন্য অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করতে চান আমান্দা। নিজেকে তৈরি করছেন সেই দিকে তাকিয়েই। তার মতো আরো মানুষদের নতুন জীবনের পথে এগিয়ে দেয়াই এখন লক্ষ্য তার, জানিয়েছেন আমান্দা।