শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৮ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

আফগানিস্তানে সামরিক অভিযানে মার্কিন সেনা নিহত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১২ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

আফগানিস্তানে দায়িত্বপালনের সময় এক মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনী। তবে বিস্তারিত কোনও তথ্য দেয়নি দেশটির প্রতিরক্ষা দফতর। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

নাইন ইলেভেনের হামলার পর ২০০১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশে আফগানিস্তানে মার্কিন অভিযান শুরু হয়। আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অভিযান শেষ হয় ২০১৪ সালে। তবে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এখনও আফগান সেনাদের সহায়তা দিয়ে যাচ্ছে। আফগানিস্তানে এখনও ১৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। অতীতে ট্রাম্পকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পক্ষে কথা বলতে দেখা গেলেও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ প্রশ্নে সুর পাল্টে ফেলেন তিনি। 

মঙ্গলবার এক বিবৃতিতে পেন্টাগন ওই সেনা মারা যাওয়ার কথা নিশ্চিত করে, পেন্টাগন বলেছে, শত্রুদের ছোট অস্ত্রের গুলিতে মারা গেছেন ওই সেনা। তবে নিহত সেনার বিস্তারিত পরিচয় জানানো হয়নি এবং বাহিনীর কোন শাখায় কর্মরত ছিল তাও বলা হয়নি। বিবৃতিতে বলা হয়,  মার্কিন প্রতিরক্ষা দফতরের নীতি অনুযায়ী নিহত সেনার নাম বলা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আত্মীয়ের সঙ্গে যোগাযোগের পর তার পরিচয় জানানো হবে।

এই নিয়ে চলতি বছর আফগানিস্তানে দ্বিতীয় মার্কিন সেনা প্রাণ হারালেন। গত ১৩ জানুয়ারি আফগানিস্তানের বাগদিস প্রদেশে সেনা অভিযানের সময় একজন সার্জেন্ট আহত হয়ে জার্মানিতে চিকিতৎসা নেয়ার সময় মারা গেছে। ২০০১ সাল থেকে আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালাতে গিয়ে এ পর্যন্ত আমেরিকার ২,৪০০ সেনা নিহত হয়েছে।