এরশাদের মৃত্যু ‘গুজব’
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪২ এএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর খবর নিয়ে গুজব রটেছে।
‘নিভে গেলো সন্ধ্যা তারা জাতীয় পার্টি হলো পিতা হারা। না ফেরার দেশে চলে গেলেন সাবেক প্রসিডেন্ট ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।’
সোমবার রাত ৪টার সময় পারভেজ চিটাগং (ফটিকছড়ির পারভেজ) নামের ফেসবুক আইডিতে এসব তথ্য তুলে ধরা হয়। মাহমুদ হাসান আরিফ নামের আরেক আইডির পোস্টে লেখা হয়েছে, ‘বহুল আলোচিত-সমালোচিত এক রাজনৈতিক অধ্যায়ের পরিসমাপ্তি। হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ তবে পরে পোস্টগুলো মুছে ফেলা হয়েছে।
তথ্যটি সম্পর্কে নিশ্চিত হতে ডেইলি বাংলাদেশ খোঁজ নিলে দেশে অবস্থানরত নেতারা তথ্যটি অস্বীকার করেন।
এরপর আরো সুনির্দিষ্ট তথ্য পেতে যোগাযোগ করলে এরশাদের ছোট ভাই হুসেইন মুর্শেদ জানান, বড় ভাই (এইচ এম এরশাদ) সুস্থ আছেন।
এদিকে জাপা নেতা মো. ইয়াসির জানান গত ভোর ৫টায় তিনি সিঙ্গাপুরে খোঁজ নিয়েছেন। আগের চেয়ে সুস্থ আছেন এরশাদ।
তিনি বলেন, এরশাদের মৃত্যুর গুজব ছড়াচ্ছে পরাজিত শক্তি, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা অপশক্তি, দলের মালিক হতে চায় এমন সুবিধাবাদীরা। লোভিরা তাদের লোক দিয়ে এমন গুজব ছড়াচ্ছে।
