ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৩০ এএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বুলবুলের মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, তার (আহমেদ ইমতিয়াজ বুলবুল) মৃত্যুতে বাংলাদেশ এক উজ্জ্বল নক্ষত্র হারাল।
এছাড়া, আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ও ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সকালে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় আহমেদ ইমতিয়াজ বুলবুল ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে বয়স তার হয়েছিল ৬৩ বছর।
