শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৮ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

গোঁফ রাখলেই বাড়তি ভাতা পাবেন পুলিশ!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৭ এএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

গোঁফ রাখার কারণে বেতনের পাশাপাশি অতিরিক্ত ভাতা পাবেন ভারতের উত্তর প্রদেশের পুলিশ সদস্যরা। গোঁফের পরিচর্যার জন্য প্রতিমাসে বেতনের সাথে আরও ২০০ রুপি দেয়া হবে তাদের।

উত্তর প্রদেশের ‘প্রভিন্সিয়াল আর্মস কনস্টাবুলারি’ বা প্যাক পুলিশদের গোঁফ রাখতে অনুপ্রাণিত করার জন্য প্রতি মাসে ভাতার পরিমাণ ৫০ থেকে বাড়িয়ে ২৫০ করার সিদ্ধান্ত নেয়। গোঁফের পরিচর্যার জন্য অতিরিক্ত ২০০ রুপি শুধু গোঁফওয়ালা পুলিশ সদস্যরাই পাবে। যেখানে আগে পেত ৫০ রুপি।
 
হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? সেটার অবশ্য একটা কারণ আছে। আর তা হচ্ছে, পুলিশের গোঁফ থাকলে আলাদা একটা জাদরেল ভাব আসে, ভয় পাবে শিশু-কিশোর থেকে শুরু করে অপরাধীরাও।

একসময় প্রায় সব পুলিশই গোঁফ রাখত। যে কারণে গোঁফওয়ালা পুলিশদের প্রতি আলাদা একটা আকর্ষণ ছিল। সেই প্রবণতা এখন কমে যাওয়ায় গোঁফ রাখছেন না পুলিশ সদস্যরা।

উত্তর প্রদেশ পুলিশের এডিজি বিনোদ কুমার সিং বলেন, সব পুলিশের এমন গোঁফ থাকলে এই বাহিনী একটি আলাদা রূপ নেবে। রাজ্যের পুলিশের অন্য বাহিনীর চেয়ে এই বাহিনীকে অন্যভাবে চেনা যাবে।

বিনোদ কুমার সিং বলেন, গোঁফ রাখার জন্য তিনি কাউকে জোর করবেন না। এই সিদ্ধান্তে খুশি এই রাজ্যের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। তারাও বলছেন, অতীতে পুলিশের গোঁফ রাখার ঐতিহ্য আবার ফিরে আসবে।