বলিভিয়ায় বাস খাদে পড়ে নিহত ১৩
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪৩ এএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
বলিভিয়ার দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহি বাস খাদে পড়ে ১৩ জন নিহত হয়েছেন। বাসটি দেশটির দক্ষিণের একটি পার্বত্যাঞ্চলীয় সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী প্রায় ১০০ মিটার গভীর একটি খাদে পড়ে যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
রাজধানী লাপাজের দক্ষিণে অবস্থিত তারিজা অঞ্চলের সিয়েনেগুইলাস শহরে রোববার ঘটা এ দুর্ঘটনায় অন্তত ২৬ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর আল-জাজিরা’র।
স্থানীয় সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে আর্জেন্টিনার একটি ফুটবল দলের ৪ জন সদস্যও রয়েছেন যারা দেশটির সাক্রে অঞ্চলে একটি উৎসবে অংশগ্রহণ করতে এসেছিলেন।
বলিভিয়ায় শনিবার দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২২ জন নিহত ও ৩৭ আহত হওয়ার একদিন পরই এ দুর্ঘটনাটি ঘটল।
