শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৮ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

স্বামীর হাতে দড়ি দিয়ে আত্মহত্যার নির্দেশ!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪০ এএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

স্বামীর অত্যাচারে গৃহবধূর আত্মহত্যার ঘটনার ভিড়ে এক ব্যতিক্রমী ঘটনা। স্বামীর হাতে দড়ি দিয়ে তাকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ উঠল তার স্ত্রীর বিরুদ্ধে। অভিমানে ওই দড়িতেই আত্মঘাতী হলেন স্বামী।

অভিযোগ, স্বামীকে আত্মহত্যা করতে শুধু প্ররোচনা নয়, সাহায্যও করলেন স্ত্রী। চরম মুহূর্তে স্বামীর হাতে দড়ি তুলে দেন স্ত্রী। উত্তেজনার মুহূর্তে রাগে ক্ষোভে সেই দড়িতেই আত্মহত্যা করেন বছর বত্রিশের সমীর বিশ্বাস। ঘটনাটি ঘটেছে কলকাতার নদিয়ার কৃষ্ণগঞ্জে।
 
সূত্রের খবর, জয়ঘাটা গ্রামের বাসিন্দা সমীর বিশ্বাসের সঙ্গে তিন বছর আগে বিয়ে হয় ভীমপুর থানার হিজুলি গ্রামের বাসিন্দা সুস্মিতার। অভিযোগ, বিয়ের কিছুদিন পরে থেকেই স্বামীর উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন স্ত্রী সুস্মিতা।

তবে সুস্মিতার মেজাজের সাক্ষী শুধু স্বামীই ছিলেন না, অভিযোগ বদমেজাজি সুস্মিতা শ্বশুরবাড়ির অন্যান্য লোকজনকেও মারধর করতেন। প্রতিবেশীরা ঠেকাতে এলে তাদেরকেও মারধর করতেন সুস্মিতা। স্ত্রী-র এই ব্যবহারের কারণেই বেশ কিছু দিন আগে বাড়ি থেকে আলাদা হয়ে যান সমীর।

কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। রোববার সন্ধ্যায় সমীরকে মারধর করে তার হাতে তুলে দড়ি দিয়ে আত্মহত্যা করতে বলেন সুস্মিতা। অভিযোগ, এর পরেই বাড়ি থেকে বেরিয়ে যান সমীর। সোমবার সকালে বাড়ির কাছেই একটি গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা।

জানা যাচ্ছে, এই ঘটনার খবর জানাজানি হতেই নিজের সন্তানকে নিয়ে পালাতে যান সুস্মিতা। তখন স্থানীয় বাসিন্দারা সুস্মিতাকে ধরে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় কৃষ্ণগঞ্জ থানায় সুস্মিতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে সমীরের পরিবার। স্বামীকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে সুস্মিতাকে গ্রেফতার করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।